শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
নিজস্ব প্রতিবেদক
বাংলা গান ও সংস্কৃতির চর্চা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিদের ঘরে পৌঁছে দিতে অনলাইনে গানের ক্লাস শুরু করছে ছায়ানট। ধানমণ্ডির সংস্কৃতি-ভবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি।
আগামীকাল রবিবার (১৬ আগস্ট) থেকে প্রথম ধাপে ‘সঙ্গীত-পরিচয়’ শিরোনামে সংগীতের প্রাথমিক পাঠ শুরু হবে। এতে লোকসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও সরগম শেখানো হবে। বয়সভেদে শিশু-কিশোর এবং সাধারণ— দুটি শাখায় শিক্ষার্থীদের পাঠ দেওয়া হবে। প্রথম দিনের ক্লাস সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
ছায়ানট সূত্রে জানা গেছে, অনলাইন এই কার্যক্রমে ইতোমধ্যে দুই শাখা মিলিয়ে ১২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে দেশের ৯৩ জন। এ ছাড়া উত্তর আমেরিকার ১২ জন, ইউরোপের সাতজন এবং অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতের নয়জন শিক্ষার্থী রয়েছেন। ফলে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরাও সরাসরি ছায়ানটের সংগীত শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রাথমিক পাঠের পর অগ্রসর শিক্ষার্থীদের জন্য শুরু হবে ‘নিবিড় শিক্ষণ’ পর্ব। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এ বিশেষ ধাপের ক্লাস শুরু হবে। প্রতি রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত এ ক্লাস চলবে। এতে লোকসংগীতে কিরণ চন্দ্র রায়, নজরুলসংগীতে খায়রুল আনাম শাকিল এবং রবীন্দ্রসংগীতে লাইসা আহমদ লিসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।
‘নিবিড় শিক্ষণ’ পর্বে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার ও বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত অগ্রসর শিক্ষার্থীরা এ পর্বে গান শেখার সুযোগ পাবেন।
ছায়ানটের এই দূরশিক্ষণ উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। ২০২০ সালে প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সন্জীদা খাতুনের তত্ত্বাবধানে ইউটিউবে ‘গানের নিবিড় পাঠ’ নামে দূরশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল। সে সময় সন্জীদা খাতুনের গান ও কথন রেকর্ড করে ইউটিউবে প্রচার করা হতো। সরাসরি যুক্ত হওয়ার সুযোগ না থাকলেও ওই উদ্যোগের মাধ্যমে সংগীতপ্রেমীদের কাছে ছায়ানটের পাঠ পৌঁছে দেওয়া হয়েছিল।
বর্তমানে খায়রুল আনাম শাকিল ও চন্দনা মজুমদার ওই দূরশিক্ষণ কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। নতুন অনলাইন ক্লাসের মাধ্যমে এবার ছায়ানট সরাসরি শিক্ষার্থীদের সংগীতচর্চার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করছে। বিশেষ করে প্রবাসী বাঙালি নতুন প্রজন্মের মধ্যে বাংলা গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও লোকসংগীতের চর্চা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়: #প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস





লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭ 
