বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অর্থায়ন ও অভিযোজনের দাবি তুলে ধরে তিন দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন তিনি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা, ঋণের পরিবর্তে অনুদান, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে আরেকটি ফ্লাইটে তাঁর যাত্রা করার কথা। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল তাঁর সফরের মূল উদ্দেশ্য।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব
বৃহস্পতিবার কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রচলিত ঋণনির্ভর সহায়তা যথেষ্ট নয়। এসব দেশের প্রয়োজন অনুদান, নতুন ঋণ নয়। বৈশ্বিক জলবায়ু অর্থায়নব্যবস্থা এখনো উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে পূরণ করতে পারছে না।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সমস্যা মোকাবিলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার ও প্রয়োজন বিবেচনায় এ অর্থ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের চাপ কমাতে ঋণ-সুবিধা চালুর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’ এবং ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ’-এর মতো ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।
তৃতীয়ত, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার এবং এসব দেশে প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থা নিশ্চিত করতে বলেন।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ানোর আহ্বান জানান।
পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি খাতের ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি বিভিন্ন দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। অন্যদিকে ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটি সম্মুখসারিতে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতেও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে
কপ-৩১-এর অধিবেশনে বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ সুরক্ষার পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর-সুবিধার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, পরিবেশবান্ধব শিল্পকারখানা, বৈদ্যুতিক যানবাহন এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নদী ও খাল খননের মাধ্যমে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের বিষয়টিও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিফোর অল’ দর্শনের আলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একসঙ্গে এগিয়ে নিতে চায় সরকার। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
এরদোয়ান, হান ঝেং ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
তুরস্ক সফরে জলবায়ু সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।
১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছানোর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। ম্যাক্স রয়্যাল হোটেলে অনুষ্ঠিত প্রায় ৩০ মিনিটের এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
১১ নভেম্বর কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।
একই দিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে শুরু হওয়া প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিশ্বনেতাদের সম্মেলন ও জিরো ওয়েস্ট গোলটেবিল
১১ নভেম্বর আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাঁকে স্বাগত জানান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিন বিশ্বনেতাদের জন্য আয়োজিত ‘জিরো ওয়েস্ট, সার্কুলারিটি অ্যান্ড মিথেন’ শীর্ষক গোলটেবিল বৈঠকও সম্মেলনের গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনায় বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার, বৃত্তাকার অর্থনীতি এবং বর্জ্য খাত থেকে মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় কপ-৩১-এর গ্রিন জোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের দেওয়া নৈশভোজে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের স্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
বাংলাদেশের পাটপণ্যের প্রদর্শনী পরিদর্শন
সফরের অন্যতম উল্লেখযোগ্য কর্মসূচি ছিল কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাটপণ্যের প্যাভিলিয়ন পরিদর্শন। ১১ নভেম্বর বিকালে প্রধানমন্ত্রী সেখানে গিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। প্যাভিলিয়নে ব্যাগ, জুতা, ছোটখাটো অনুষঙ্গ ও ব্লেজারসহ ১২৯ ধরনের পণ্য প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর আয়োজকেরা প্রধানমন্ত্রীকে জানান, পাটের পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক বাজারে এর সম্ভাবনা তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা পণ্যগুলো দেখে আগ্রহ প্রকাশ করেছেন। পাটকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্যাভিলিয়ন পরিদর্শনের সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের কাছে বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে জানতে চান এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়া বাংলাদেশের জলবায়ু সহনশীলতা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্যচিত্র ও প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলন ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তবে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১১ ও ১২ নভেম্বর। বাংলাদেশের পক্ষে এ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিষয়: #জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধ





জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত 
