বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে তা ঘুষ নয়! স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনার ঝড়
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে তা ঘুষ নয়! স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক
ঠিকাদার কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পাওয়ার পর খুশি হয়ে নিজের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’
গত ১১ নভেম্বর রাজধানীর এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে খেয়াল রেখে কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেন তিনি।
প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ঠিকাদার খুশি হয়ে তাঁর লভ্যাংশ থেকে উপহার দিলে তা ঘুষ হিসেবে বিবেচিত হবে না। অনুষ্ঠানে প্রকৌশলীদের দাবি অনুযায়ী এলজিইডি ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে প্রতিমন্ত্রীর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। এ ধরনের বক্তব্য ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা এবং সরকারি ক্রয়ে দুর্নীতির বিস্তার ঘটাতে পারে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা প্রকৌশলীদের নিয়মিত দাপ্তরিক দায়িত্ব। এ কাজের জন্য তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে একই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের সুযোগ কোথায়? নতুন প্রকৌশলীদের চাকরির শুরুতেই ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন।
টিআইবি জানায়, দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী সরকারি কাজের প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। একইভাবে দণ্ডবিধির ১৬৫ ধারায় দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানের বিনিময়ে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।
এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে—এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২)-এ প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার বিধান থাকলেও তা দাপ্তরিক দায়িত্বের পুরস্কার হিসেবে ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণের অনুমতি দেয় না।
ড. ইফতেখারুজ্জামান বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, তাঁর কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিলে প্রকৌশলীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এতে কাজের মান যাচাই, বিল প্রত্যয়ন ও অন্যান্য দাপ্তরিক সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার পাশাপাশি ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির ঝুঁকি বাড়বে। একপর্যায়ে সেবা পাওয়ার শর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায়ও স্বাভাবিক হয়ে উঠতে পারে।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ ধরনের পরামর্শের সত্যতা যাচাইয়েরও দাবি জানিয়েছে সংস্থাটি।
টিআইবি প্রতিমন্ত্রীর বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, জবাবদিহি নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সিনিয়র সচিবের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।





জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা নেবে সরকার
ইসির তথ্যভান্ডারে ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা
মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস 
