বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি
উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি
- এ ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান সংস্থাটির
নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রকৌশলীদের কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি অনুযায়ী ঠিকাদারের বিল দ্রুত পরিশোধের বিনিময়ে ঠিকাদারের মুনাফা থেকে উপহার নেওয়ার পরামর্শকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক ব্যাখ্যা নেওয়া এবং তার বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে টিআইবি।
গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধ করা হলে ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিতে পারেন। এমন উপহার গ্রহণে অসুবিধা নেই বলেও মন্তব্য করেন তিনি। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানায় টিআইবি।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি প্রকৌশলীদের কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা তাঁদের নিয়মিত দাপ্তরিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের জন্যই তাঁরা জনগণের করের অর্থে বেতন-ভাতা পান। তাহলে একই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোথায়?
তিনি প্রশ্ন তোলেন, প্রতিমন্ত্রীর বক্তব্য কি সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঘুষ গ্রহণকে বৈধতা দেওয়া কিংবা নতুন প্রকৌশলীদের এ ধরনের অনিয়মে উৎসাহিত করার শামিল নয়? যাঁদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করা, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দিতে পারে এবং সরকারি ক্রয়ে দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। নতুন করে চিন্তা করার নামে সরকারি ক্রয়ব্যবস্থায় দুর্নীতিবান্ধব পরিবেশ তৈরির কোনো উদ্যোগ চলছে কি না, সে প্রশ্নও সামনে এসেছে। এ বক্তব্য সরকারের অবস্থান কি না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।
আইন ও বিধিমালার ব্যাখ্যা
বিবৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপহার গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালার বিষয়টিও তুলে ধরেছে টিআইবি। সংস্থাটির বক্তব্য, দাপ্তরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ প্রচলিত কোনো আইন বা বিধিতে নেই।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে কোনো সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। একইভাবে দণ্ডবিধির ১৬৫ ধারায় দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে কিংবা অপর্যাপ্ত প্রতিদানের বিনিময়ে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।
এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে—এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। বিধিমালার ৫(৪) অনুযায়ী, সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা।
অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার কিংবা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নির্ধারিত রয়েছে। তবে এসব সীমিত বিধানের কোনোটিই দাপ্তরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমতি দেয় না বলে উল্লেখ করেছে টিআইবি।
স্বার্থের সংঘাত ও দুর্নীতির ঝুঁকি
প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিণতি হিসেবে স্বার্থের সংঘাতের ঝুঁকির বিষয়টিও তুলে ধরেছে সংস্থাটি। ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা গ্রহণ করলে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ ধরনের লেনদেন কাজের মান যাচাই, বিল প্রত্যয়ন এবং অন্যান্য দাপ্তরিক সিদ্ধান্তকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করে। পাশাপাশি অন্য ঠিকাদারদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে। তার মতে, ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে ব্যক্তিগত সুবিধা আদান-প্রদানের চর্চা বাড়লে তাঁদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হবে। একই সংস্কৃতি অন্য সরকারি দপ্তরেও ছড়িয়ে পড়তে পারে। একপর্যায়ে নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রেও উপহারের নামে অবৈধ অর্থ আদায় স্বাভাবিক চর্চায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিনিয়র সচিবের পরামর্শ নিয়েও প্রশ্ন
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে।
এ ক্ষেত্রে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সিনিয়র সচিবের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো চেষ্টা চলছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মনে করে টিআইবি। সংস্থাটির মতে, এ ধরনের অবস্থান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক এবং সরকারের জন্য বিব্রতকর হতে পারে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেন হিসেবে উল্লেখ করার বক্তব্যের প্রসঙ্গও টেনে আনেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এ ধরনের দুর্নীতিসহায়ক অবস্থান নিজেদের জন্যই অশনিসংকেত। বিষয়টি সরকারকে উপলব্ধি করতে হবে।
বিবৃতিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি এ বিষয়ে প্রতিমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা নিয়ে জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সংস্থাটি। বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
বিষয়: #উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর ব





টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে 
