রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
# আইন লঙ্ঘনের প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা: ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক
মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ঘটনায় তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আইন লঙ্ঘন বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান বলেন, মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোটরসাইকেল চুরির একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার ও নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি পুলিশের এ অবস্থান জানান।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানের সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে তাঁকে ‘এই ধর, ধর, ধর’ বলে চিৎকার করতে শোনা যায়।
ইশরাক হোসেন নিজেও তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন। পরে সেটি সরিয়ে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ। তিনি কাউকে অস্ত্র দিয়ে ভয় দেখাননি কিংবা গুলি করেননি। জনপ্রতিনিধি হিসেবে নিজের সংসদীয় এলাকার মাদক পরিস্থিতি মোকাবিলায় তিনি ওই অভিযানে অংশ নেন বলেও জানান।
ইশরাকের ভাষ্য, ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ও ঘণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে বারবার অভিযোগ জানিয়েছেন। বিষয়টি পুলিশকে অবহিত করার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এ কারণে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে ওই এলাকায় যান বলে জানান প্রতিমন্ত্রী। তবে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আইনগত কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়: #ইশরাকের অস্ত্র প্রদর্শন #তদন্ত করছে পুলিশ






রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা 
