বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
![]()
- ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না; নারী, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবেন
নিজস্ব প্রতিবেদক
প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে পুনরায় চালু করা হয়েছে ‘ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিম’। এর আওতায় ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ই-ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন নির্ধারিত শ্রেণির গ্রাহকরা। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস এবং গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ।
এছাড়া প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়নের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পৃথক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিলের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ব্যক্তিপর্যায়ে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। এ কর্মসূচিতে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ১৫ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিম চালুর তথ্য জানায়। এর আগে ১২ নভেম্বর ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতা বাড়ানো।
দুটি কর্মসূচিতে ঋণের সুবিধা
নতুন ই-ঋণ স্কিমের আওতায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা ৫০ হাজার টাকা। মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। গ্রাহকের কাছ থেকে ব্যাংক সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফা আদায় করতে পারবে। স্কিমটি ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
অন্যদিকে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। তাদের মুনাফার হারও ৭ শতাংশের বেশি হবে না।
এ কর্মসূচিতে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করে দলগত ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। এ ক্ষেত্রে দলের সর্বোচ্চ ঋণসীমা ৪০ লাখ টাকা এবং প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে নিতে পারবেন। দলের সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে ঋণের দায় বহন করবেন।
কারা পাবেন ঋণ
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রাম ও শহরের পাড়া-মহল্লাভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, কামার, কুমার, দরজি, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বাররা এ ঋণের জন্য বিবেচিত হবেন।
এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার-পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি, চা-শ্রমিক, মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারাও এ কর্মসূচির আওতায় ঋণ নিতে পারবেন।
হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাবার তৈরির মতো আয়বর্ধক কর্মকাণ্ডেও ঋণ দেওয়া যাবে। সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের আয়বর্ধক কর্মকাণ্ডও এর আওতায় থাকবে।
নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ
পুনঃঅর্থায়ন তহবিলের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখতে হবে। নারী উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা অগ্রাধিকার পাবেন। এ জন্য তাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকায় কোনো প্রান্তিক বা ভূমিহীন কৃষক যেন ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।
এ ছাড়া উপকূলীয়, চর ও হাওর অঞ্চলের স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও এ সুবিধা পাবেন।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য এবং বিদেশফেরত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্যও ঋণ
শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দক্ষতা উন্নয়নের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় আসবেন।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। তবে এসব ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।
ঋণের সুদ, জামানত ও পরিশোধের নিয়ম
১ হাজার ৫০০ কোটি টাকার তহবিলের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে।
ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়ার সুযোগ রয়েছে। ব্যাংক মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে কিস্তি নির্ধারণ করতে পারবে।
ঋণ পেতে গ্রাহকের নামে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে এ ধরনের হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
কোথায় ও কীভাবে আবেদন করবেন
ব্যাংকের শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ করা যাবে। ই-ঋণ স্কিমের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে ঋণ পাওয়ার সুযোগ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
এজেন্ট ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
ঋণের অর্থ নির্ধারিত আয়বর্ধক কাজে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পর প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
আর্থিক অন্তর্ভুক্তিতে কতটা ভূমিকা রাখবে
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে জামানতের অভাবে যারা এতদিন ব্যাংকঋণ থেকে দূরে ছিলেন, তারা এ কর্মসূচির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, কৃষি উৎপাদন, পশুপালন, ক্ষুদ্র শিল্প কিংবা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।
তবে শুধু পুনঃঅর্থায়ন তহবিল গঠন বা ঋণের সীমা নির্ধারণ করলেই আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জিত হবে না। প্রকৃত সুবিধাভোগী নির্বাচন, সহজ আবেদনপ্রক্রিয়া, প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবার বিস্তার এবং ঋণ বিতরণে মধ্যস্বত্বভোগী ও হয়রানি বন্ধ করা জরুরি। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও ভূমিহীন কৃষকদের কাছে এ ঋণ পৌঁছানো বড় চ্যালেঞ্জ।
একই সঙ্গে ঋণের শর্ত, সুদের হিসাব, কিস্তি পরিশোধের নিয়ম এবং অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট ধারণা দিতে হবে। ঋণ যেন ভোগব্যয় বা অন্য উদ্দেশ্যে ব্যবহৃত না হয়ে আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ হয়, সে বিষয়েও কার্যকর তদারকি প্রয়োজন।
সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ কর্মসূচি শুধু ক্ষুদ্র ঋণের সুযোগ বাড়াবে না; বরং গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।
বিষয়: #প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ #মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা





২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
গাজীপুর ও সাভারের শ্রমিক আন্দোলনে নতুন করে উত্তেজনা: ৩১ কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
আবারও কমলো স্বর্ণের দাম
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি
একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
একনেকে আট প্রকল্প অনুমোদন 
