শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
প্রচ্ছদ » জাতীয় » ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
৪৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো

---

 

  • তিন দিনের আয়োজনে থাকছে ক্যারিয়ার সামিট, পর্যটন আলোচনা ও নেটওয়ার্কিং

নিজস্ব প্রতিবেদক

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ, পর্যটন উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে পর্যটন খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ১৯ নভেম্বর রাজধানীতে শুরু হচ্ছে ‘১ম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬’। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এর উদ্যোগে তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২১ নভেম্বর পর্যন্ত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ফার্মগেটে অনুষ্ঠিতব্য এ এক্সপোতে পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্ম এক ছাদের নিচে মিলিত হবেন।

গতকাল সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকায় আয়োজিত মিট দ্য প্রেসে এসব তথ্য জানান আয়োজকরা। অনুষ্ঠানে এক্সপোর বিভিন্ন দিক, প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও বিশেষ কর্মসূচি তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এক্সপোতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং পর্যটনসংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীরা একই জায়গায় বিভিন্ন পর্যটন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনা, সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পর্যটন খাতের নতুন সম্ভাবনা সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ থাকবে।

এক্সপোর অন্যতম আকর্ষণ ক্যারিয়ার সামিট। এতে তরুণদের জন্য পর্যটনশিল্পে ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এ ছাড়া পর্যটনবিষয়ক আলোচনা, নেটওয়ার্কিং ও অন্যান্য বিশেষ আয়োজন থাকছে।

এক্সপো কনভেনার কামরুল হাসান ইমন বলেন, দেশের পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মকে একটি কার্যকর প্ল্যাটফর্মে একত্রিত করাই এ আয়োজনের লক্ষ্য। এর মাধ্যমে দেশীয় পর্যটনের সম্ভাবনা তুলে ধরা, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে চান তারা।

ইটাব সভাপতি ইমরানুল আলম বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে ই-ট্যুরিজম উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ খাতের সম্ভাবনা সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ ও কার্যকর সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি এবং অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

এক্সপোতে আয়োজন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

 



বিষয়: #



আর্কাইভ