বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা
টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের অনুসন্ধান করতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে নির্যাতন, হত্যার হুমকি ও ব্ল্যাকমেইলের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)। সংগঠনটি অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমন এ নিন্দা ও প্রতিবাদ জানান। হামলার শিকার সাংবাদিকেরা হলেন ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক ও ইউডিজেএফবির সদস্য রবিউল হাসান, প্রতিবেদক আসিফুল ইসলাম রিফাত এবং আলোকচিত্র সাংবাদিক আবির আহমেদ সুপ্ত।
তিন ঘণ্টা জিম্মি করে নির্যাতন
সংগঠনটির বিবৃতি ও ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর শুক্রবার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার বস্তিতে মাদক কারবারের অনুসন্ধানে যান ওই তিন সংবাদকর্মী। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে মাদক কেনাবেচার তথ্যপ্রমাণ ও ভিডিও ধারণ করেন তারা। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাঁদের গতিবিধি নজরদারি করে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তাঁদের ওপর হামলা চালায়।
সাংবাদিক রবিউল হাসানের লিখিত অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পিস্তল দেখিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে অঙ্গচ্ছেদের হুমকি দিয়ে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেয়। ফোনে থাকা মাদক কারবারের ছবি, ভিডিওসহ সংগৃহীত তথ্যপ্রমাণ মুছে ফেলা হয়। পরে তাঁদের পাশের একটি স্থানে নিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। এ সময় রিভলবার দিয়ে আঘাত, গুলি করে হত্যার হুমকি এবং ঘুমের ওষুধ মেশানো তরল পান করতে বাধ্য করার অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সাংবাদিকদের সামনে টাকা ও মাদক রেখে ভিডিও ধারণ করা হয়, যাতে পরে ওই ভিডিও ব্যবহার করে তাঁদের ব্ল্যাকমেইল করা যায়। মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ না করার শর্তে একপর্যায়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। যাওয়ার সময়ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আহত অবস্থায় তাঁদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
আরেক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ
টঙ্গীর হাজির মাজার বস্তি ও আশপাশের এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৬ অক্টোবর একই এলাকায় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপন অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অস্ত্রধারীরা তাঁকে মারধর করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ভয় দেখানো ও ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে তাঁকে বিবস্ত্র করে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগও ওঠে।
ঢাকা ট্রিবিউনের সাংবাদিকদের অভিযোগ, তাঁদের জিম্মি করে রাখার সময় হামলাকারীরা মহিন উদ্দিন রিপনের ওপর নির্যাতনের ছবি ও ভিডিও দেখায়। ফলে একই এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে একই ধরনের কৌশলে হামলা ও ব্ল্যাকমেইলের অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয়, সাংবাদিকেরা জিম্মি থাকা অবস্থায় আশপাশে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছিল বলে তাঁরা জানিয়েছেন। ঘটনাস্থল মসজিদ ও ফেরিঘাটের কাছাকাছি হলেও দীর্ঘ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তাঁরা দেখতে পাননি বলে অভিযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তাও ওই এলাকায় অভিযান পরিচালনার চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেন, সেখানে পুলিশ সদস্যরাও যেতে ভয় পান।
অভিযানের আশ্বাস পুলিশের
ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার ইসরাইল হাওলাদার হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। নতুন দায়িত্ব নেওয়া কমিশনার মো. আশিক সাঈদ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। টঙ্গী পশ্চিম থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, রবিউল হাসানের লিখিত অভিযোগ তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই সময় তিনি আরও জানান, এলাকায় অভিযান চালিয়ে ছয়জন মাদকসেবী ও দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বড় পরিসরে যৌথ অভিযান পরিচালনার বিষয়েও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের বিবৃতিতে বলা হয়, একই এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর বারবার হামলা ও নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সংঘবদ্ধ অপরাধী চক্রের এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতার জন্যও হুমকি।
বিবৃতিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, টঙ্গীর মাজার বস্তি ও আশপাশের এলাকায় অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে হামলার মূল হোতা ও সশস্ত্র ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত তিন সাংবাদিকের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে সংগঠনের দপ্তর সম্পাদক লতিফুল ইসলাম স্বাক্ষর করেন।
বিষয়: #টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা #নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা





ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে 
