শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
প্রচ্ছদ » অপরাধ » ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে

দ্য আইরিশ টাইমসের প্রতিবেদন

---

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে ইয়াবার বিস্তার জনস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে আয়ারল্যান্ডের প্রভাবশালী সংবাদপত্র দ্য আইরিশ টাইমস। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, মেথামফেটামিন ও ক্যাফেইনের মিশ্রণে তৈরি ইয়াবা এখন লাখো মানুষের জীবনকে বিপর্যস্ত করছে এবং এর ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে।

প্রতিবেদনে ‘মেটালফ্রিক’ ছদ্মনামে পরিচিত ঢাকার এক ইয়াবাসক্ত ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, “এই জিনিসটা মানুষকে পশু বানিয়ে দেয়। এটি আমার মনমানসিকতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।” তিনি জানান, ইয়াবা সেবনের পর টানা তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকা এবং পরে একটানা ১২ ঘণ্টা বা তার বেশি সময় ঘুমিয়ে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়। এর ফলে স্বাভাবিক জীবন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগ প্রায় ভেঙে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, থাই ভাষায় ‘ইয়াবা’ শব্দের অর্থ ‘পাগল করা ওষুধ’। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে লাখ লাখ মানুষ এই মাদকে আসক্ত। স্থানীয় গণমাধ্যমের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের প্রায় ৫ শতাংশ মানুষ কোনো না কোনো মাদকে আসক্ত এবং নতুন সিনথেটিক মাদকের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আরিফুজ্জামানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াবা আসক্তি এখন অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে উঠেছে। তাঁর মতে, শুধু আইন প্রয়োগ নয়, মাদকাসক্তি কমাতে মানসিক স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন জরুরি। দেশে মনোরোগ বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত মনোবিজ্ঞানীর তীব্র সংকট রয়েছে এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন এমন অধিকাংশ মানুষ চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়াবার সহজলভ্যতা, সামাজিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মানসিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ অনেক তরুণকে এই মাদকের দিকে ঠেলে দিচ্ছে। মিয়ানমারকে বাংলাদেশের ইয়াবার প্রধান উৎস হিসেবে উল্লেখ করে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)-এর তথ্যও তুলে ধরা হয়েছে।

দ্য আইরিশ টাইমসের মূল্যায়নে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে ইয়াবা সংকট মোকাবিলা সম্ভব নয়। মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুনর্বাসন ব্যবস্থা শক্তিশালী করা এবং তরুণদের জন্য সামাজিক ও অর্থনৈতিক সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে পত্রিকাটি। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, কার্যকর পদক্ষেপ না নিলে ইয়াবা বাংলাদেশের জন্য আরও বড় সামাজিক ও জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে।



বিষয়: #  #



আর্কাইভ