মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
তিনি জানান, এলিজা জামান ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। তারপরও কমিশনকে নির্বাচনি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে হবে।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দিন ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তির দিন ২৯ অক্টোবর। আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১২ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত এ সময়সীমা শেষ হলে নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে। ফলে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সংরক্ষিত নারী আসনে তার সংসদ সদস্য হওয়া চূড়ান্ত হবে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে উপনির্বাচনের জন্য বিএনপি এলিজা জামানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। পরে গত সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় তার প্রার্থিতা নিশ্চিত হয়েছে।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা সাবেক সংসদ সদস্য সর্দার সুলতান মাহমুদ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০০৩ সালে তিনি জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই বছর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক এবং ২০০৪ সালে সমাজসেবায় অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণপদক পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি আসনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
বিষয়: #মনোনয়নপত্র বৈধ #মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন





ডিজির দপ্তরে আটকে আছে ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন
ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি 
