বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরীক্ষাকেন্দ্রিক দায়িত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন না করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন। ফলে সেপ্টেম্বরে ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ থেকে সরে এসে জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে ইসি।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আশা করি জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।’ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে ভোট আয়োজন করা হবে না জানিয়ে তিনি বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। তাই ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন। পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, এ ধরনের চিঠি চালাচালির কোনো নজির নেই। তবে নির্বাচন আয়োজনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে।
নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘বাস্তবতার নিরিখেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।’
সাত ধাপের রোডম্যাপ থেকে সরে আসছে ইসি
এর আগে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে নভেম্বরের মাঝামাঝি থেকে ভোট শুরু করার পরিকল্পনা করেছিল ইসি। গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়। এতে প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল। পরবর্তী ধাপগুলো ডিসেম্বর থেকে শুরু করে ২০২৭ সালের মে পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছিল।
তবে ওই রোডম্যাপ ঘোষণার পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে আপত্তি ওঠে। বিশেষ করে শিক্ষা ও পুলিশ প্রশাসন এবং মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে ২০২৭ সালের জানুয়ারির আগে স্থানীয় সরকার নির্বাচন না করার বিষয়ে মতামত দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপরই নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে আলোচনা শুরু করে কমিশন।
চূড়ান্ত সময়সূচি এখনো হয়নি
স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল বা চূড়ান্ত সময়সূচি এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কোন কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রথমে ভোট হবে এবং ধাপে ধাপে নির্বাচন কীভাবে এগোবে, সে বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে।
ইসি সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা পর্যালোচনা, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের নতুন পরিকল্পনা করা হচ্ছে। জানুয়ারি থেকে ভোট শুরু হলে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হতে পারে।
এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সম্ভাব্য রোডম্যাপ প্রকাশের পর নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে সমন্বয়ের বিষয়টি সামনে আসে। এখন নির্বাচন আয়োজনের উপযোগী প্রতিষ্ঠানগুলোর তালিকা ও সংশ্লিষ্ট সংস্থার প্রস্তুতি বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি নির্ধারণের দিকে এগোচ্ছে কমিশন।
বিষয়: #জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ই





স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু 
