মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল
সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি; ইচ্ছে করলেও কেউ অনিয়ম করতে পারেনি। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখনো আনুষ্ঠানিক মূল্যায়ন করিনি। তবে সবাই বলছে নির্বাচন ভালো হয়েছে। এটি গোপন কিছু ছিল না।’ নির্বাচন প্রক্রিয়ায় নজরদারির বিষয়ে তিনি জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি, ড্রোনের ছবি ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এমনকি রিটার্নিং কর্মকর্তা ওয়াশরুমে গেলেও নিরাপত্তা সদস্য সঙ্গে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। এতে দুই ধরনের সুফল পাওয়া গেছে— প্রিসাইডিং কর্মকর্তারা নিজেদের নিরাপদ মনে করেছেন এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরাও সতর্ক ছিলেন। ফলে কেউ ইচ্ছা করলেই কিছু করতে পারেনি।
অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে কি না— এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের প্রসঙ্গে তিনি জানান, সংসদই নির্ধারণ করবে নির্বাচন দলীয় না নির্দলীয় পদ্ধতিতে হবে। সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কমিশনার বলেন, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে অথবা ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট সম্পন্ন করার বিধান রয়েছে। সরকার যে নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।





বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি
এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম
বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ 
