শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
প্রচ্ছদ » প্রধান সংবাদ » যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

---

কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার এটিই প্রথম সফর, যা ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে নতুন করে জোরদার ও পুনর্গঠনের সংকেত বলে মনে করছেন কূটনীতিকরা।

ঢাকা সফরকালে এস. পল কাপুর সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তার সম্ভাব্য আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে-নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পুনর্গঠন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করা, ভূ-রাজনৈতিক বিষয়- বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব। এছাড়া সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তিনি আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাস সূত্র জানায়, পল মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। আজ তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।

এস. পল কাপুরের কার্যপরিধি মূলত দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাজাখস্তানসহ অন্যান্য দেশ। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কূটনীতি, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, প্রতিরক্ষা চুক্তি, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও ভূ-রাজনৈতিক ভারসাম্য নিয়ে কাজ করেন। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে তিনি স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং স্টাফে কাজ করেন, যেখানে ইন্দো-প্যাসিফিক কৌশল ও যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন। ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হন।






আর্কাইভ