মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী, পরে দুঃখ প্রকাশ
সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী, পরে দুঃখ প্রকাশ
![]()
# শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাও, প্রয়োজনে আবারও পরীক্ষা নেবো
# শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা
# বন্যা পরিস্থিতিতেও কেন পরীক্ষা দুই-একদিন পেছানো গেল না: সংসদে রুমিন ফারহানা
# আগামী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা হবে
নিজস্ব প্রতিবেদক
বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে জাতীয় সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই চাপে পড়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের তোপের মুখে পড়ার পাশাপাশি সংসদ ভবনের বাইরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে অবস্থান নেন। পরে অনির্ধারিত আলোচনায় নিজের ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্তদের ফলাফল উন্নয়নের বিষয়টি বিবেচনা করা হবে, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে এবং প্রয়োজন হলে পুনরায় পরীক্ষাও নেওয়া হবে।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী এসব আশ্বাস দেন। দিনের শেষ ভাগে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলতে চাইনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।”
দিনভর রাজধানীতে চলা শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে বিকেলে সায়েন্সল্যাব মোড় থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা, ১৩ জুলাইয়ের পরীক্ষা পুনরায় আয়োজন, ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র প্রণয়নের দাবিতে তারা বিক্ষোভ করেন। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আড়ংয়ের সামনে জড়ো হলেও সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, সংসদ অধিবেশন চলাকালে ওই এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংসদের ভেতরে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সরকারের উদ্যোগ জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। কোথাও পরীক্ষাকেন্দ্রে পানি উঠলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। তাদের চেয়ে আমরাই বেশি উদ্বিগ্ন—কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায় এবং এই দুর্যোগ মোকাবিলা করা যায়। যেসব কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে।”
তিনি জানান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র ছাড়া বড় ধরনের সমস্যা কোথাও দেখা যায়নি। কুমিল্লায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে নেওয়া হয়, ভেজা শিক্ষার্থীদের পোশাক পরিবর্তনের ব্যবস্থা করা হয় এবং অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। কোথাও প্রশাসনিক ব্যর্থতার কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পূরক প্রশ্নে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা এক-দুই দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। এমন পরিস্থিতিতে এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা পিছিয়ে দিতে সমস্যা কোথায় ছিল? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের প্রায় দুই হাজার ৭০০ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বোর্ডে বন্যার কারণে আগেই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া ৬৪ জেলার প্রশাসন, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের মতামতের ভিত্তিতেই পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগের দিন বিকেল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসও অনুকূলে ছিল বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। এ দুই প্রশ্নের জন্য সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফলাফল কীভাবে উন্নত করা যায়, তাও সরকার বিবেচনা করছে। তিনি বলেন, “যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আমরা আলাদাভাবে চিহ্নিত করব। কোথায় কী ব্যবস্থা নিতে হবে তা নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই।”
প্রশ্নপত্রের ত্রুটি প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই প্রশ্নপত্রের মডারেশন সম্পন্ন হয়েছিল। আগের প্রক্রিয়ায় প্রস্তুত হওয়া প্রশ্নপত্রেই এ ভুল ছিল। তবে বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে পাবলিক পরীক্ষা বর্ষা মৌসুমের বাইরে নিয়ে আসাই সরকারের লক্ষ্য। এতে শিক্ষাবর্ষের সঙ্গে পরীক্ষার সময়সূচির সমন্বয় হবে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবও কমবে।
এছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাবলিক পরীক্ষার সময় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রাখতে না হয়, সে জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পৃথক ও স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হবে না এবং শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সরকারের আশা।
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিন ঝুলে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রমও খুব শিগগিরই শুরু হবে। সংশ্লিষ্ট রিট মামলা নিষ্পত্তি হওয়ায় আইনি জটিলতা কেটে গেছে। নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।
একই দিনে সংসদের ভেতরে সরকারের ব্যাখ্যা, আশ্বাস ও দুঃখ প্রকাশ এবং বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ—দুই দৃশ্যই দেশের শিক্ষা পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে পুনঃপরীক্ষা, ফলাফল উন্নয়ন, পূর্ণ নম্বর এবং ভবিষ্যৎ পরীক্ষাব্যবস্থার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
বিষয়: #পরে দুঃখ প্রকাশ #সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী





তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত
পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে ইসি
ঢাকার বাতাস আজ কতটা দূষিত?
রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
নজরুল সঙ্গীত গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন এম এ মান্নান
রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার 
