রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » নাফ নদ থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নাফ নদ থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা থেকে তিন বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার তিন জেলে মাছ ধরতে নাফ নদে যান। একপর্যায়ে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ট্রলারসহ মিয়ানমারের দিকে নিয়ে যায়। অপহৃত দুই জেলের পরিচয় জানা গেছে। তারা হলেন জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) এবং মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। অপর জেলের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, এর আগেও একই এলাকা থেকে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আরাকান আর্মির আতঙ্ক ক্রমেই বাড়ছে।
স্থানীয় জেলেদের ভাষ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতের প্রভাব সীমান্তবর্তী নাফ নদ ও সাগর এলাকাতেও পড়েছে। মাছ ধরতে গিয়ে জেলেদের আটক হওয়ার ঘটনায় তাদের জীবিকা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হচ্ছে।
/ মৌলি মল্লিক






শেয়ার কেলেঙ্কারির মামলা সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট শিগগির দেবে দুদক
ক্রিকেটার সাকিব আল হোসেনের বাসভবনে হামলা
সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী, পরে দুঃখ প্রকাশ
তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত
পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে ইসি
ঢাকার বাতাস আজ কতটা দূষিত?
রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল 
