শনিবার ● ৮ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » গ্র্যামিতে এখনো সিদ্ধান্তহীন স্ট্রে কিডস
প্রচ্ছদ » বিনোদন »
গ্র্যামিতে এখনো সিদ্ধান্তহীন স্ট্রে কিডস
১০ বার পঠিত
শনিবার ● ৮ আগস্ট ২০২৬
গ্র্যামিতে এখনো সিদ্ধান্তহীন স্ট্রে কিডস

নিজস্ব প্রতিবেদক
কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডে নিজেদের গান জমা দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। একই সঙ্গে গ্র্যামির নতুন বিভাগ ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নিয়েও দলটি স্পষ্ট কোনো মন্তব্য করেনি। তবে সদস্যরা জানিয়েছেন, তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংগীত; কোনো নির্দিষ্ট পুরস্কার বা রেকর্ড নয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজেদের দশম মিনি অ্যালবাম ‘দিস অ্যান্ড দ্যাট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন স্ট্রে কিডসের সদস্যরা। সেখানে গ্র্যামিতে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা সরাসরি কোনো উত্তর না দিয়ে সংগীতের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।
স্ট্রে কিডসের সদস্য সুংমিন বলেন, কোনো পুরস্কার বা রেকর্ড অর্জনের লক্ষ্য নিয়ে তাঁরা কখনো অ্যালবাম তৈরি করেননি। তাঁর ভাষ্য, গান লেখা, সুর করা কিংবা মঞ্চ পরিবেশনার পরিকল্পনা—সবকিছুই আসে তাঁদের নিজস্ব সৃজনশীলতা ও অনুভূতি থেকে, বাইরের প্রত্যাশা বা পুরস্কারের চিন্তা থেকে নয়। তিনি আরও বলেন, কে-পপকে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতারা যেভাবে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, সেটিই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং সংগীতের বৈশ্বিক শক্তিরই প্রমাণ।
একই ধরনের মন্তব্য করেন দলের আরেক সদস্য হিউনজিনও। তিনি বলেন, স্ট্রে কিডসের পুরো যাত্রাপথে কোনো নির্দিষ্ট পুরস্কারকে লক্ষ্য করে অ্যালবাম প্রকাশ করা হয়নি। বরং তাঁরা সবসময় এমন সংগীত তৈরি করতে চেয়েছেন, যা তাঁদের শিল্পীসত্তাকে তুলে ধরে এবং ভক্তদের সঙ্গে আন্তরিকভাবে সংযোগ তৈরি করে।
এদিকে, স্ট্রে কিডসের সংস্থা জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গ্র্যামিতে গান জমা দেওয়ার বিষয়ে তারা এখনই কোনো মন্তব্য করবে না। ফলে দলটি শেষ পর্যন্ত আবেদন করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
আগামী ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে গত ৭ জুলাই এবং আবেদন গ্রহণ চলবে ২১ আগস্ট পর্যন্ত। মনোনয়ন ঘোষণা করা হবে ১৬ নভেম্বর। এরপর আগামী বছরের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গ্র্যামির নতুন ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ ইতোমধ্যে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একদল মনে করছেন, এই বিভাগ এশিয়ার শিল্পীদের জন্য নতুন স্বীকৃতির সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে সমালোচকদের একটি অংশের আশঙ্কা, এতে এশীয় শিল্পীরা মূল প্রতিযোগিতা থেকে আলাদা হয়ে যেতে পারেন, যা দীর্ঘমেয়াদে সমতার প্রশ্ন তুলতে পারে।
এর আগে কোরিয়ান ব্যান্ড বিটিএসও জানিয়েছিল, তারা আগামী গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য কোনো গান জমা দেবে না। দলটির মতে, সংগীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে নয়, বরং তার শিল্পমান ও গুণগত দিক বিবেচনায় মূল্যায়ন করা উচিত।
এদিকে সংগীত সমালোচক লিম হি ইউনের মতে, স্ট্রে কিডস শেষ পর্যন্ত গ্র্যামিতে অংশ নিলেও সদ্য প্রকাশিত ‘দিস অ্যান্ড দ্যাট’ অ্যালবাম থেকে গান জমা দেওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ, অ্যালবামটি আবেদন জমা দেওয়ার শেষ সময়ের খুব কাছাকাছি প্রকাশ পেয়েছে। ফলে বিচারকদের পর্যাপ্ত সময় নিয়ে তা মূল্যায়ন করা কঠিন হতে পারে। তাঁর ধারণা, এ ক্ষেত্রে ব্যান্ডটি আগেই প্রকাশিত এবং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় কোনো গান জমা দিলে প্রতিযোগিতায় তুলনামূলক বেশি সুবিধা পেতে পারে।
/ মৌলি মল্লিক