বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » কিডনি প্রতিস্থাপনের একদিন পরই মৃত্যু তানিন রহমানের
কিডনি প্রতিস্থাপনের একদিন পরই মৃত্যু তানিন রহমানের
কিডনি প্রতিস্থাপনের একদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার ও চিত্রনাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে মাহমুদুর রহমান হিমি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই।’
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। সহকর্মী নির্মাতা আশিকুর রহমান জানান, সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার সফল হওয়ার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
তবে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তানিন রহমান। পরে তাঁর মৃত্যু হয়।
এক দশকেরও বেশি সময় ধরে দেশের নাট্যাঙ্গনে গল্প ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তানিন রহমান। তাঁর লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত বেশ কয়েকটি নাটক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ছোটপর্দায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে সক্ষম হন।
তানিন রহমানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তানিন রহমানের লেখা অসংখ্য নাটক ও চিত্রনাট্যে অভিনয় করেছেন তিনি।
তানিন রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের রাইটার তানিম রহমান আর নেই।’
সহকর্মী এই নাট্যকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অপূর্ব জানান, তানিন রহমানের সঙ্গে অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করার স্মৃতি তাঁর মনে থাকবে। একই সঙ্গে প্রয়াত নাট্যকারের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
তানিন রহমানের মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
/ মৌলি মল্লিক






মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
গ্র্যামিতে এখনো সিদ্ধান্তহীন স্ট্রে কিডস
৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
বলিউডের ‘ব্যাড বয়’খ্যাত অভিনেতার গল্প
শিল্পীদের কী রাজনীতি করা উচিত? 
