বুধবার ● ৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে ইসি
পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে ইসি
![]()
# অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হব: ইসি সানাউল্লাহ
# দুই দিনের সংলাপ শুরু; স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা প্রণয়নের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য করতে দেশীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সুপারিশগুলো পর্যালোচনা করে অংশীজনদের মতামতের ভিত্তিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে কমিশন।
বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষক দল ও বিভিন্ন অংশীজনের মতামত কমিশনের কাছে এসেছে। এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। সংলাপে উঠে আসা নতুন প্রস্তাবনাগুলোও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ আশা প্রকাশ করে বলেন, এই সংলাপের মাধ্যমে নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য কার্যকর সুপারিশ পাওয়া যাবে। পাশাপাশি সামনে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে আয়োজনেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণকারী দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতোমধ্যে তাদের মূল্যায়ন ও সুপারিশ কমিশনের কাছে জমা দিয়েছে। এসব সুপারিশের আলোকে বাস্তবায়নের অগ্রাধিকার নির্ধারণ এবং নির্বাচনী সংস্কারের রূপরেখা তৈরির লক্ষ্যেই এ সংলাপের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজনসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা ছিল। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে ১৯টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়েছে। এসব সুপারিশের অগ্রাধিকার নির্ধারণ করে বাস্তবায়ন করা জরুরি।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব অংশীজনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন সুপারিশগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।
সংলাপের আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাইকেল লিডাউয়ার বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার অভিজ্ঞতা ও সুপারিশ একত্র করে ভবিষ্যৎ নির্বাচনী সংস্কারের কার্যকর রূপরেখা প্রণয়নে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এসব সুপারিশ কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুই দিনের এই সংলাপের বিভিন্ন অধিবেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।
বিষয়: #পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা





তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত
ঢাকার বাতাস আজ কতটা দূষিত?
রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
নজরুল সঙ্গীত গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন এম এ মান্নান
রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার
তিন বিভাগে ভারী বর্ষণের আভাস 
