সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী
নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী
![]()
# আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন
নিজস্ব প্রতিবেদক
প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে, সেই নবাগতকে স্বাগত জানিয়ে গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সোমবার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কেন্দ্রের বাইরে একটি নীম গাছ রোপণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “জীবদ্দশায় প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার স্বাভাবিকতা নষ্ট হচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো এখন সময়ের দাবি।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গাছ বড় হলে তা যেন বন্ধুর মতো মনে হয়। “তুমি যেমন বড় হও, গাছও তেমন বড় হয়—এ এক ধরনের মানসিক আনন্দ তৈরি করে।”
অনুষ্ঠানে আরাফাত ময়দানের নিম গাছ প্রসঙ্গে নিজের বাবার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরাহ পালনের সময় সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। পরে বাংলাদেশ থেকে প্রায় এক লাখ নিম গাছের চারা পাঠানো হয়। বর্তমানে ওই গাছগুলো সৌদি আরবে ‘নিম ট্রি’ নয়, ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।
তিনি আরও বলেন, গাছ রোপণের গুরুত্ব ধর্মীয়ভাবেও স্বীকৃত। মহানবী হযরত মুহাম্মদ (সা.) গাছ রোপণের কথা বলেছেন এবং সবুজের প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল।
প্রধানমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত গাছ কাটা এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। “আমাদের দেশেই থাকতে হবে, তাই নিজের পরিবেশকে নিজেকেই রক্ষা করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও উপদেষ্টা মাহদী আমিনসহ অনেকে।
বিষয়: #নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী





জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের 
