সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ
প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ

# জেলে বসেও সরকারি দলের নেতাদের সম্পদ বেড়েছে কয়েক গুণ
নিজস্ব প্রতিবেদক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকা অবাস্তব ও প্রতারণার দলিল’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পরও সরকারি দলের অনেক নেতার সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে, এমনকি কেউ কেউ কারাগারে থাকলেও তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকর উদ্যোগের পরিবর্তে ভোগনির্ভর অর্থনীতিকে উৎসাহ দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোগের চাহিদা তৈরি করা হচ্ছে, কিন্তু উৎপাদন বা বিনিয়োগের চাহিদা তৈরি করা হচ্ছে না। এতে মূল্যস্ফীতি বাড়বে এবং নির্ভরশীল জনগোষ্ঠী সৃষ্টি হবে।’ তিনি তরুণদের প্রশিক্ষণ ও সহজ ঋণের মাধ্যমে উৎপাদনমুখী খাতে যুক্ত করার আহ্বান জানান।
সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চীফ হুইপ বলেন, তিনি নিজেই নিরাপত্তার প্রয়োজনে ভাড়া করা গাড়ির ভাড়া মাস শেষে পরিশোধ করতে পারেননি। অথচ সরকারি দলের অনেক নেতার সম্পদ কয়েক গুণ বেড়েছে। তাঁর দাবি, ‘যারা জেলে ছিলেন, তাদেরও আওয়ামী লীগ আমলে সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এখন তা আরও কত বাড়বে, সেটিই প্রশ্ন।’
তিনি দুর্নীতি রোধে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পুনর্বাসন ও কাউন্সেলিং কার্যক্রম জোরদারে জুলাই ফাউন্ডেশনের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তিনি।
বিষয়: #প্রস্তাবিত বাজেট অবাস্তব মনে হয়েছে: জি এম কাদের





জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের 
