বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
![]()
২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যার প্রমাণ পেয়েছে আদালত / রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ / অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে
স্বদেশভূমি ডেস্ক
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত বলেছেন, মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে দেশটি।
আইসিজের ১৫ বিচারকের প্যানেল ৯-৬ ভোটে মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করেন। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যা সংঘটনের দায় নির্ধারণ করা হলো। প্রায় সাত বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতনের আন্তর্জাতিক আইনি স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
রায় ঘোষণার সময় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, আদালত নিশ্চিত যে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে মিয়ানমার গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ করেছে। দেশটির সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ব্যবহৃত পদ্ধতির ব্যাপ্তি কেবল শাস্তি দেওয়া বা বিদ্রোহ দমনের প্রচেষ্টার চেয়ে অনেক বেশি ছিল। আদালতের বিবেচনায়, এসব কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য।
গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দিতেও ব্যর্থ
গণহত্যা সংঘটনের দায়ের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটন প্রতিরোধে ব্যর্থতার দায়েও ৯-৬ ভোটে মিয়ানমারকে দায়ী করেছেন আদালত। গণহত্যা ও সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ার বিষয়েও আদালত দেশটির দায় নির্ধারণ করেছেন।
তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগটি ১৪-১ ভোটে প্রমাণিত হয়নি। আদালত বলেছেন, সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের অবমাননাকর ও বিদ্বেষমূলকভাবে উপস্থাপনের প্রমাণ থাকলেও নির্দিষ্ট কিছু বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে গণহত্যার সরাসরি ও প্রকাশ্য উসকানি দেওয়া হয়েছিল—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ পাওয়া যায়নি।
ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ
রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতির জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি এখনই নির্ধারণ করেননি আদালত। এ বিষয়ে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনসংক্রান্ত পদক্ষেপের বিবরণ দিয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে।
আদালতের নির্দেশনায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ তৈরি এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি গণহত্যার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারকেরা। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে জন্য কার্যকর নিশ্চয়তা ও ব্যবস্থা গ্রহণের কথাও রায়ে বলা হয়েছে।
আদালত আরও বলেছেন, গণহত্যার অভিযোগসংক্রান্ত আলামত সংরক্ষণে মিয়ানমার ব্যর্থ হয়েছে এবং তদন্তে বাধা সৃষ্টি করেছে। ২০২০ সালের অন্তর্বর্তী আদেশের আওতায় প্রমাণ নষ্ট হওয়া ঠেকানো ও আলামত সংরক্ষণের যে বাধ্যবাধকতা ছিল, তা যথাযথভাবে পালন করেনি দেশটি।
২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার নিহত
আদালতে উপস্থাপিত সাক্ষ্য, নথি ও অন্যান্য তথ্য-প্রমাণে ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতার চিত্র উঠে এসেছে। এতে হত্যা, যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার প্রমাণ বিবেচনায় নেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণে ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য উঠে এসেছে।
রোহিঙ্গাদের জন্মহার কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিয়ে ও সন্তান নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ এবং ব্যাপক যৌন সহিংসতার বিষয়টিও গণহত্যার অভিপ্রায় নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। আদালতের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগোষ্ঠীটির শারীরিক ও মানসিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল।
রায়ে রোহিঙ্গাদের স্বতন্ত্র পরিচয় ও সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে স্বীকৃত জাতিগোষ্ঠীর তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। দেশটির বিভিন্ন সরকার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী হিসেবে আখ্যা দিয়ে আসছে। কিন্তু গণহত্যা সনদের আওতায় সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের পরিচয় ও অস্তিত্ব আদালতের বিবেচনায় এসেছে।
গাম্বিয়ার মামলায় ঐতিহাসিক রায়
২০১৯ সালের ১১ নভেম্বর রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। মামলায় গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়। পরবর্তী সময়ে ১১টি দেশ মামলায় হস্তক্ষেপ করে। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালত রায় ঘোষণার দিন নির্ধারণ করেন ১৯ নভেম্বর।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির বক্তব্য ছিল, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযান পরিচালিত হয়েছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে। তবে আদালত মিয়ানমারের এই ব্যাখ্যাকে গণহত্যার প্রমাণের বিপরীতে গ্রহণযোগ্য বিকল্প ব্যাখ্যা হিসেবে বিবেচনা করেননি।
বাংলাদেশের শরণার্থী সংকটে নতুন তাৎপর্য
২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাঁদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম বড় কূটনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ।
আইসিজের রায় প্রত্যাবাসনের দাবিকে নতুন আইনি ভিত্তি দিলেও তাৎক্ষণিকভাবে শরণার্থীদের দেশে ফেরার নিশ্চয়তা তৈরি করছে না। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকারসংক্রান্ত সমস্যার সমাধান এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। রায়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নির্দেশ থাকায় এসব বিষয় নিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক কৌঁসুলি মারিয়া এলেনা ভিগনোলি এই রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, গণহত্যা ও গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও রায়টি তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার স্বীকৃতি এবং দায়মুক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রায় কার্যকর করার চ্যালেঞ্জ
আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশি বা সরাসরি বলপ্রয়োগের ক্ষমতা নেই। রায় বাস্তবায়নে মিয়ানমারের সহযোগিতা এবং প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে গণহত্যার দায় নির্ধারণের পর এখন বড় প্রশ্ন হলো, মিয়ানমার কতটা দ্রুত আদালতের নির্দেশ বাস্তবায়ন করে এবং রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেয়।
বিশ্লেষকদের মতে, এই রায়ের তাৎপর্য শুধু অতীতের অপরাধের দায় নির্ধারণে সীমাবদ্ধ নয়। রোহিঙ্গাদের ক্ষতিপূরণ, নিরাপদ প্রত্যাবাসন, অপরাধীদের বিচার এবং ভবিষ্যতে নিপীড়ন বন্ধের মতো বিষয়ও এর সঙ্গে যুক্ত। বাংলাদেশের জন্যও রায়টি গুরুত্বপূর্ণ, কারণ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ছাড়া শরণার্থীশিবিরের দীর্ঘস্থায়ী চাপ ও আঞ্চলিক নিরাপত্তা-সংকটের অবসান কঠিন।
বিষয়: #রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে





মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান 
