শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
প্রচ্ছদ » অপরাধ » ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
১ বার পঠিত
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইসিবি চত্বরের পশ্চিম মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। এ আবেদনের শুনানি আগামী বুধবার।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ তিন আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর তারিখ রেখে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ জানান, নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। এজাহারে ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি। সালমান মুক্তাদির এ ঘটনায় পৃথক কোনো মামলা করেননি।

যেভাবে হামলা ও লুটপাট

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জনের একটি দল অনধিকার প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

হামলায় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

মামলায় প্রতিষ্ঠানটির প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ওপরও গুলি

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে।

ঘটনাস্থল থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশি অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার কারণ এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে।



বিষয়: #  #



আর্কাইভ