বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রযুক্তিনির্ভর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী >
# জননিরাপত্তা রক্ষায় প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে
# দেশের ৭৫টি কারাগারে বন্দি আছে ধারণক্ষমতার ১.৭ গুণ
# মাদকবিরোধী অভিযানে সাড়ে ৯ হাজার কারবারি গ্রেপ্তার
# প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায়
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান, সিসিটিভি পর্যবেক্ষণ, লোকেশন ট্র্যাকিং এবং জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও তাদের তৎপরতার ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।
তিনি জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯ হাজার ৬৮৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং ৯ হাজার ২৫১টি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
কারাগারে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি
সংসদে দেওয়া এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ৭৫টি কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন হলেও বর্তমানে সেখানে বন্দি রয়েছেন ৭৭ হাজার ৪০ জন, যা ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ। বন্দিদের মধ্যে ৭৪ হাজার ৯৬৩ জন পুরুষ এবং ২ হাজার ৭৭ জন নারী।
তিনি বলেন, অতিরিক্ত বন্দি থাকার কারণে কয়েকটি কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্প শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে। পাশাপাশি রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে।
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৩৬টি চেষ্টা প্রতিরোধ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশে অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানোর ৩৬টি চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশ ইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর, ১১ জনকে বিএসএফের কাছে ফেরত এবং ১৮৩ জনকে পুশ ব্যাক করা হয়েছে।
তিনি জানান, সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ’ গঠন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং কাঁটাতারের বেড়া নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব সরকার ইতিবাচকভাবে পর্যালোচনা করছে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিষয়: #ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন #মাদক





‘আমি পাপ করেছি আমাকে শাস্তি দিন’: আসামি সোহেল
শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু
রামিসা হত্যাকাণ্ড: ছেলে সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা-মাও
স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: ‘আত্মহত্যা’ করেছে ঘাতক ফোরকান
অনুমতি ছাড়া কারো ভিডিও প্রচার করলে দ্রুত বিচার: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী 
