বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
![]()
নিজস্ব প্রতিবেদক
স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সব ধারার সম্পাদকদের সমন্বয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদকরা। তাদের মতে, জনগণের জানার অধিকার রক্ষা এবং সংবাদমাধ্যমকে নির্ভীক সাংবাদিকতায় ফিরিয়ে আনতে এমন একটি স্বাধীন ফোরাম এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সম্পাদকরা বলেন, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন গণমাধ্যমেরও পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। কারণ, অতীতের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক ও মানসিকভাবে এমন এক পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়েছে এবং সত্য প্রকাশে ‘সেলফ-সেন্সরশিপ’ বা স্বনিয়ন্ত্রণের সংস্কৃতি গড়ে ওঠে।
বিবৃতিতে বলা হয়, এককভাবে কোনো সম্পাদকের পক্ষে এই ভয়ের দেয়াল ভাঙা সম্ভব নয়। তবে সম্পাদকরা যদি সম্মিলিতভাবে দৃঢ় অবস্থান নেন, তাহলে তা সাংবাদিকদের সাহস জোগাবে এবং সংবাদকক্ষগুলোকে নির্ভীক সাংবাদিকতায় ফিরিয়ে আনবে।
সম্পাদকরা আরও বলেন, ফ্যাসিবাদী সময়ে অনেক গণমাধ্যমের মালিকানা নির্দিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়। ফলে সাংবাদিকতা জনগণের স্বার্থের পরিবর্তে গোষ্ঠীগত স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সম্পাদকীয় নীতিকে করপোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে শক্তিশালী সম্পাদকীয় ঐক্যের বিকল্প নেই।
বিবৃতিতে অতীতে প্রণীত বিভিন্ন দমনমূলক আইনেরও সমালোচনা করা হয়। সম্পাদকরা বলেন, সাইবার নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো আইন ব্যবহার করে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে। এসব আইনের সংস্কার বা বিলোপ নিশ্চিত করতে সম্পাদকদের ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিক ভূমিকা প্রয়োজন।
তারা মনে করেন, সম্পাদকদের ঐক্য শুধু অধিকার আদায়ের জন্য নয়, আত্মশুদ্ধির জন্যও জরুরি। একটি ঐক্যবদ্ধ ফোরামের মাধ্যমে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড নির্ধারণ এবং গণমাধ্যমের নিজস্ব জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এতে রাষ্ট্রীয় বা বহিরাগত নিয়ন্ত্রণের সুযোগও কমে আসবে।
বিবৃতিতে বলা হয়, নতুন এই সম্পাদকীয় প্ল্যাটফর্ম কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মতাদর্শের প্রতিনিধিত্ব করবে না। বরং দল-মত নির্বিশেষে দেশের সব গণমাধ্যমের সম্পাদকদের জন্য একটি অভিন্ন মঞ্চ হিসেবে কাজ করবে। শিগগিরই এ বিষয়ে সাংগঠনিক উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন শফিক রেহমান (যায়যায় দিন), মাহমুদুর রহমান (আমার দেশ), সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর (নয়াদিগন্ত), আবদুল হাই শিকদার (যুগান্তর), আবু তাহের (বাংলাদেশ প্রতিদিন), মারুফ কামাল খান সোহেল (প্রতিদিনের বাংলাদেশ), হাসান হাফিজ (কালের কণ্ঠ), আযম মীর শহীদুল আহসান (সংগ্রাম), মোকাররম হোসেন (নিউনেশন), শফিকুল আলম (ওয়াদা), সৈয়দ মেসবাহ উদ্দীন (বাংলাদেশের খবর), রেজাউল করীম লোটাস (ডেইলি সান), মোস্তফা কামাল (খবরের কাগজ), বেলায়েত হোসেন (ভোরের ডাক), ওবায়দুর রহমান শাহীন (জনতা), শহীদুল ইসলাম (মানবকণ্ঠ), মো. সায়েম ফারুকী (রূপালী বাংলাদেশ), মনির হোসেন (খোলা কাগজ), ইলিয়াস খান (টাইমস অব বাংলাদেশ), মোস্তাফিজুর রহমান বিপ্লব (বাংলাবাজার পত্রিকা)সহ দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদকরা।
বিষয়: #স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের





সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস
‘যৌন নিপীড়ন’ প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুটি সমঝোতা চুক্তি
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন
সাংবাদিক মার্ক টালি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু 
