শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
৭ বার পঠিত
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

---

# ১০ দেশের ২০০ প্রতিষ্ঠানের অংশগ্রহণ, থাকছে দেশ-বিদেশ ভ্রমণে নানা অফার

নিজস্ব প্রতিবেদক

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন ও পর্যটন পণ্যের সমাহার নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

১০ দেশের ২০০ প্রতিষ্ঠান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনটি হলে প্রায় ৩০০টি বুথে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস ও মিশন তাদের পর্যটন পণ্য ও সেবা তুলে ধরবে। থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফারও।

থাকছে তিনটি বিশেষ শোকেজ

মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। পাশাপাশি থাকবে ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের জন্য বিটুবি সভা, সেমিনার, গন্তব্যভিত্তিক উপস্থাপনা, প্যানেল আলোচনা, পণ্য প্রচার ও যোগাযোগ কার্যক্রম। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

মহিউদ্দিন হেলাল বলেন, “এটিএফ ২০২৬ দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সংযোগ, পর্যটন পণ্য প্রচার এবং বাংলাদেশে পর্যটন বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পর্যটন বিনিয়োগে গুরুত্ব

প্রধান অতিথি মো. সামীমুজ্জামান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এটিএফ বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সহায়ক হবে।

তিনি বলেন, এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশে পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মেলাটির অনুমোদন দিয়েছে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ করবে।

---

গুরুত্ব পাচ্ছে দেশীয় পর্যটন

মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, এবারের আয়োজনে দেশের অঞ্চলভিত্তিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাওর পর্যটন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, নৌ পর্যটন, অ্যাডভেঞ্চার পর্যটন, কমিউনিটি পর্যটন ও পরিবেশ পর্যটন।

তিনি বলেন, শিশু, শিক্ষার্থী, পর্যটন ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণ ও চাহিদার কথা বিবেচনা করেই মেলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে পর্যটন শিল্পে নারী উদ্যোক্তা ও কমিউনিটি পর্যটনের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

থাকছে নানা পুরস্কার ও র‌্যাফেল ড্র

মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র‌্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। বিজয়ীদের জন্য সৌজন্য এয়ার টিকিটসহ দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও উপহার ভাউচার থাকছে।

মেলার বিভিন্ন অংশীদার ও স্পন্সর প্রতিষ্ঠানও শীত মৌসুমের আগেই দর্শনার্থীদের জন্য বিভিন্ন ছাড় ও বিশেষ অফার দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে।

১৭ সেপ্টেম্বর উদ্বোধন

আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আইসিসিবিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই মন্ত্রণালয়ের সচিব সম্মানিত অতিথি এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধিসহ মেলার বিভিন্ন অংশীদার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নেন।

এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পন্সর ছুটি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামার। এছাড়া কনভয় সার্ভিস ট্রান্সপোর্ট পার্টনার, এম৩৬০ আইসিটি পার্টনার, দ্য ট্রাভেল বাউন্ড অফিসিয়াল প্রকাশনা, ঢাকা ডিনার ক্রুজ ক্রুজ পার্টনার এবং এনআরবি ভিস্তারা লিমিটেড অফিসিয়াল ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পর্যটনপ্রেমী ও ভ্রমণপিপাসুদের তিন দিনব্যাপী এ মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।



বিষয়: #



আর্কাইভ