বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
![]()
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত হুতিদের হামলায় একটি কার্গো জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। উদ্ধারকাজে গিয়ে হুতিদের দ্বিতীয় হামলায় ইয়েমেনের আরও দুই উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বাব আল-মান্দাব প্রণালিতে মিসরীয় মালিকানাধীন ‘তিহামাহ’ নামের ছোট কার্গো জাহাজটিতে হামলা হয়। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিহত চার নাবিকের মধ্যে তিনজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয়।
হামলার পর জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে হুতিরা আবার হামলা চালায় বলে জানিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড। এতে হুতিবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) দুই উদ্ধারকর্মী নিহত হন।
এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন জাহাজের নাবিক, দুজন কোস্টগার্ড সদস্য এবং একজন এনআরএফ সদস্য রয়েছেন।
ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার প্রণালিতে একটি জাহাজে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানার ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের পেরিম দ্বীপের উত্তর-পূর্বে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হামলা হয়। রয়টার্স স্যাটেলাইট ছবি ও জাহাজটির পুরোনো ছবির সঙ্গে তুলনা করে হামলার শিকার জাহাজটি ‘তিহামাহ’ বলে নিশ্চিত করেছে।
ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুতিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা।
পরে হুতিরা দাবি করেছে, সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে তারা জাহাজটির নাম প্রকাশ করেনি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত ২০ জুলাই হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। সৌদি সরকারের কথিত অবরোধের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। তবে ইয়েমেনে কোনো অবরোধ থাকার কথা অস্বীকার করেছে রিয়াদ।
এদিকে পৃথক ঘটনায় ওমান উপসাগরে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার সময় পানামার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘ভেলা নোভা’ নামের জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়।
সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন করে জাহাজটি ইরানের দিকে যাচ্ছিল। বারবার সতর্ক করার পরও থামতে অস্বীকৃতি জানালে জাহাজটিতে হামলা চালানো হয়।
এপ্রিল মাসে অবরোধ ঘোষণা করার পর থেকে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া এটি ১২তম জাহাজ। ১৪ জুলাই অবরোধ পুনর্বহালের পর এটি তৃতীয় হামলা।
মার্কিন নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী সংগঠন ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা চার্লি ব্রাউন জানান, ভেলা নোভা সম্প্রতি ভারতের মুম্বাই ও মালয়েশিয়ার পোর্ট ক্লাংয়ে যাত্রাবিরতি করেছিল। এসব বন্দরে ইরান-সংশ্লিষ্ট জাহাজও দেখা গেছে।
ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ১৩১ কিলোমিটার দূরে জাহাজটিতে হামলা চালানো হয়ে থাকতে পারে।
হুতিদের হামলা ও অবরোধের কারণে বাব আল-মান্দাব প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত হুতিদের হামলার আগের তুলনায় বর্তমানে এই পথে জাহাজ চলাচল ৫০ শতাংশেরও বেশি কমে গেছে।
হুতিরা গত মাসে অবরোধ ঘোষণার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩২টি জাহাজ বাব আল-মান্দাব প্রণালি অতিক্রম করেছে। অবরোধের আগে এই সংখ্যা ছিল গড়ে ৫০টি।
অন্যদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও বেশি কমেছে। সোমবার মাত্র ছয়টি জাহাজ ওই জলপথ অতিক্রম করেছে। এর আগের ১০ দিনের গড় ছিল প্রায় ১১টি। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত।





কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র 
