শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
প্রচ্ছদ » অপরাধ » জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
১৩ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ

 

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (আলিয়া মাদ্রাসা) ক্যাম্পাসে মঙ্গলবার ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় দুই ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও পথচারীসহ বহু মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনের শুরুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির পর সংঘর্ষ পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়ও ছড়িয়ে পড়ে। সেখানে চিকিৎসা নিতে যাওয়া আহতদের ঘিরেও নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আদালতপাড়া ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

---

বিকেলে ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সায়েন্সল্যাব মোড় ও কলেজের প্রধান ফটকসংলগ্ন এলাকায় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় এবং ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভার প্রস্তুতির সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঢাকা কলেজ ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, ছাত্রদলের হামলায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন অভিযোগ করেন, শিবির পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের পর কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

---

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার রেশ ধরে বিকেলে বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার সামনেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। প্রথমে দুপুরের দিকে এবং পরে বিকেল সোয়া ৫টার দিকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন।

শিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি আবদুল আলিম অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা হলে ঢুকে তাদের কর্মীদের মারধর করে এবং কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেয়। অন্যদিকে ছাত্রদলের নেতা সাদ চৌধুরীর দাবি, দীর্ঘদিন ধরে শিবির হলের বিভিন্ন কক্ষ দখল করে রেখেছে এবং মঙ্গলবারও তাদের কক্ষে তালা দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।

---

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। আহতদের মধ্যে আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ এবং মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা নিছার উদ্দিন রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি ঘটনাতেই সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করা হলেও ক্যাম্পাসে আধিপত্য, কর্মসূচি পালন এবং হলের কক্ষ দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



বিষয়: #  #



আর্কাইভ