শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
৩ বার পঠিত
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল

নতুন রাষ্ট্রপতি নির্বাচন

---

# আলোচনায় থাকবে > নির্বাচনের ভোটার তালিকা ও ভোটের দিনক্ষণ নির্ধারণ 

নিজস্ব প্রতিবেদক

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ ভবনে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত, তফসিল ঘোষণা এবং ভোটগ্রহণের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণসহ সার্বিক নির্বাচনি কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে কমিশন। প্রচলিত সাংবিধানিক রীতি অনুযায়ী তফসিল ঘোষণার আগে সিইসি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইসি সূত্র জানায়, সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতি চূড়ান্ত হতে পারে।

এদিকে জাতীয় সংসদ সচিবালয় বৈঠক উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্ধারিত কর্মকর্তাদের সংসদ ভবনে প্রবেশের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংসদ সচিবকে পাঠানো ইসি সচিবের এক চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ২৪ জুলাই পদত্যাগের ফলে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হওয়া পদ ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে সরকারি গেজেটে তফসিল ঘোষণা করতে হবে। এ উদ্দেশ্যে স্পিকারের সুবিধাজনক সময়ে সিইসির সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, সাক্ষাতের সময় ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে গত রোববার নির্বাচন ভবনে কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং সংশ্লিষ্ট সাংবিধানিক বিধান পর্যালোচনা করা হয়। ওই বৈঠকে স্পিকারের সঙ্গে আলোচনার পরই তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এজন্য সংসদ সচিবালয় সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠাবে। সেই তালিকার ভিত্তিতেই ভোটার তালিকা প্রস্তুত করে তফসিল ঘোষণা করবে কমিশন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।



বিষয়: #



আর্কাইভ