শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২২ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
৩ বার পঠিত
বুধবার ● ২২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল

---


# বিএনপি বা জামায়াত বলে কেউ সুবিধা পাবে না, নিরপেক্ষ নির্বাচন হবে


নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক দলের পরিচয়ের ভিত্তিতে কেউ বাড়তি সুবিধা পাবেন না।

বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আগামী বছরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এখানে (নির্বাচনে) কেউ বিএনপি বলে বা জামায়াতে ইসলামী বলে কেউ সুবিধা পাবে না। নিরপেক্ষ নির্বাচন হবে।”

সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেই নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান, সাধারণ সদস্য কিংবা সংরক্ষিত নারী সদস্য—সব প্রার্থীকেই জনগণের সমর্থনের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়, যখন স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান থাকে। তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তি আরও সুসংহত করা সম্ভব।

তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে। এসব প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ওয়ার্ড ও সীমানা পুনর্বিন্যাসের কাজ করছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন ধাপে ধাপে শুরু করার পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক আইন সংশোধনের ফলে এবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

 



বিষয়: #



আর্কাইভ