শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
প্রচ্ছদ » আন্তর্জাতিক » উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
৩ বার পঠিত
সোমবার ● ১৫ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

---

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দিনের শেষে আমরা এ বিষয়ে আরও জানাতে পারব।”

এ ঘটনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের বলেন, পুরো ঘটনা বিস্তারিতভাবে জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন এবং সব দিক পর্যালোচনা করা হচ্ছে।

জানা গেছে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।

কিন্তু কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বিমানবন্দরেই আটকে রাখে এবং দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ওই ঘটনার প্রতিবাদে ড. জাহেদ উর রহমান ভারতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠির মাধ্যমে ড. জাহেদ উর রহমানের সফর ও আইওআরএ বৈঠকে তাঁর অংশগ্রহণের বিষয়টি জানিয়েছিল।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংসদেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ঘটনাটির ব্যাখ্যা চেয়ে সরকারের কাছে বিবৃতি দাবি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।



বিষয়: #  #



আর্কাইভ