রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্র সংস্কারে জনগণের রায়কে উপেক্ষা না করার দাবি
রাষ্ট্র সংস্কারে জনগণের রায়কে উপেক্ষা না করার দাবি

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দেশে ৬৮ শতাংশ মানুষের রায়কে রায়কে উপেক্ষা না করার দাবি জানিয়েছে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গতকাল রবিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ফোরামের নেতারা এ দাবি জানান। কর্মসূচিতে জুলাইয়ের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সংস্কারপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার বিষয়ে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে বিলম্ব বা অবহেলা গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, দুই-তৃতীয়াংশ মানুষের সমর্থনে পাওয়া গণভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
কর্মসূচিতে অংশ নিয়ে আলোকচিত্রী শহিদুল আলম বলেন, সংবিধানে অনেক বিষয় উল্লেখ থাকলেও গণঅভ্যুত্থান বা বিপ্লবের মতো বাস্তব ঘটনাগুলো সেখানে প্রতিফলিত হয়নি। তবু জনগণ তাদের রক্তের বিনিময়ে পরিবর্তনের যে বার্তা দিয়েছে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘জনগণই সর্বোচ্চ শক্তি— তাদের রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’
ফোরামের সহসমন্বয়ক ফাহিম মাশরুর সংসদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সংবিধান সংস্কারের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্যরা দ্রুত সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন।
এদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভবিষ্যতে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকানো। কেবল নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই তা সম্ভব।
মানববন্ধন থেকে বক্তারা সতর্ক করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে তা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে।





জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের 
