শুক্রবার ● ২৬ মে ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » গৃহিণী থেকে গাজীপুরের নগরমাতা জায়েদা
গৃহিণী থেকে গাজীপুরের নগরমাতা জায়েদা
![]()
শাহনাজ পারভীন এলিস
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। সবার মনে একটাই জিজ্ঞাসা- কে এই জায়েদা খাতুন? অনেকেই তার সম্পর্কে বিস্তারিতও জানতে চান।
জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। একইসঙ্গে তিনি গাজীপুর সিটির নির্বাচিত প্রথম নারী মেয়র ও দেশের দ্বিতীয় নারী মেয়র। জানা যায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে গাজীপুর সিটির তৃতীয় মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা।
গাজীপুর সিটির প্রথম নারী মেয়র
জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করেছেন এ প্রার্থী। গৃহিণী থেকে একটি নগরীর দায়িত্ব নিতে যাওয়া জায়েদা হারিয়েছেন ক্ষমতাসীন নৌকা প্রতীকের প্রার্থীকেও। নির্বাচন তো দূরের কথা কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি তিনি। এমনকি রাজনীতি বা সামাজিক কোন ক্ষেত্রে তার নাম শোনা যায়নি।
![]()
জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন এ নগরীর দ্বিতীয় মেয়র। ২০১৮ সালে তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠায় তিনি মেয়াদ শেষ করতে পারেননি। স্থানীয়রা বলছেন, এলাকায় জনদরদি হিসেবে পরিচিত জায়েদা। শিক্ষার্থীসহ গরিব-দুঃখী মানুষকে বরাবরই আর্থিক সহায়তা করেন। একইসঙ্গে বিভিন্ন পারিবারিক ও সামাজিক আচার-অনুষ্ঠানেও সহায়তা করেন তিনি।
হলফনামা সূত্রে জানা যায়, জায়েদা খাতুন গৃহিণী ও স্বশিক্ষিত। তার জন্ম গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি। জাহাঙ্গীর আলমসহ তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
নির্বাচনি ইশতেহারে যা বলেছিলেন জায়েদা খাতুন
তার স্বামী মো. মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা গেছেন। তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য নেই। মহানগরের উন্নয়ন ও নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন জায়েদা খাতুন।নির্বাচিত হলে পাঁচ বছরের জন্য হোল্ডিং ট্যাক্স মওকুফের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সাবেক মেয়র জাহাঙ্গীরের অসমাপ্ত কাজ শেষ করারও অঙ্গীকার করেন। এছাড়াও সেখানে নানা উন্নয়ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি।
![]()
সংশ্লিষ্টরা দাবি করছেন, ছেলে জাহাঙ্গীর আলমের জন্যই পরিচিতি অর্জন এবং নির্বাচন-রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠেছেন জায়েদা খাতুন। এমনকি জাহাঙ্গীরের জনপ্রিয়তাকেই ভিত্তি করে চমক দেখিয়েছেন মা জায়েদা খাতুন। এছাড়া তার নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারীও ছিলেন জাহাঙ্গীর আলম।
এদিকে নির্বাচনের দিন কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। সেসময়ও তিনি বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী, হানড্রেড পারসেন্ট।
প্রসঙ্গত, দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। এরপর দেশের দ্বিতীয় নারী মেয়র হলেন জায়েদা খাতুন। আর গাজীপুরবাসি পেল তাদের প্রথম নগরমাতা।
বিষয়: #গৃহিণী থেকে গাজীপুর সিটির নগরমাতা জায়েদা





নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
ঢাকার ঝুঁকিপূর্ণ ৩৭ কেন্দ্রে বাড়তি নজরদারি
সরিয়ে নেয়া হলো ৩ শতাধিক আনসার
জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির
ভোটের কাউন্ট ডাউন শুরু: ৮৪ আসনে ভোট স্থগিত ও জঙ্গি হামলার শঙ্কা!
স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি
অনলাইনে প্রচার চালাতে বাধা নেই: ইসি সানাউল্লাহ
সিইসি ও ইসিদের কে কোথায় ভোট দেবেন?
ভোটের দিন ৫ যানবাহনে নিষেধাজ্ঞা 
