শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
প্রচ্ছদ » খেলাধুলা » বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
১১ বার পঠিত
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সানভীর বসুন্ধরা গ্রুপের (এসবিজি) নতুন উদ্যোগ ‘বসুন্ধরা সুপারগল্ফ’। গলফকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও আনন্দদায়ক করার পাশাপাশি ক্রীড়া ও বিনোদনের নতুন পরিসর তৈরির লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছে এ আয়োজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মাদানী এভিনিউ সংলগ্ন বসুন্ধরা সুপারগল্ফ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভীর, তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, সানভীর বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সুপারগল্ফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহানসহ বসুন্ধরা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

---

‘মোর দ্যান জাস্ট গলফ’—এই স্লোগানকে সামনে রেখে তিনটি আধুনিক লেভেলে সাজানো হয়েছে বসুন্ধরা সুপারগল্ফ। এখানে আধুনিক ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ রয়েছে মোট ১০৭টি গলফ বে। পাশাপাশি রয়েছে একাধিক রেস্তোরাঁ, প্রিমিয়াম ক্যাফে, প্রো-শপ, হাই-টেক সিমুলেটর ও প্রশিক্ষণ কক্ষ, বিলিয়ার্ড, ভিআইপি স্যুইট, সভাকক্ষ, সামাজিক অনুষ্ঠান আয়োজনের হল, শিশুদের জন্য জোন ও স্পোর্টস লাউঞ্জ।

অনুষ্ঠানে বসুন্ধরা সুপারগল্ফের হেড অব অপারেশনস রেজাউর রহমান ও তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান বক্তব্য দেন। তারা প্রকল্পটির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। তাদের মতে, এ ধরনের আন্তর্জাতিক মানের ক্রীড়া ও বিনোদনকেন্দ্র দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

---

বসুন্ধরা সুপারগল্ফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল এমন একটি আধুনিক পরিসর তৈরি করা, যেখানে কেবল পেশাদার গলফ অনুশীলনই নয়; বরং পরিবার, বন্ধু ও করপোরেট টিম নিয়ে সবাই যেন খাবার, বিনোদন ও সামাজিক নানা আয়োজন একসঙ্গে উপভোগ করতে পারেন। তাই শুরু থেকেই আমরা এটিকে শুধু একটি প্রথাগত গলফ ভেন্যু হিসেবে না দেখে একটি সমন্বিত লাইফস্টাইল হাব হিসেবে গড়ে তুলেছি।’

তিনি বলেন, প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়নে গত এক বছরের বেশি সময় ধরে কাজ করা হয়েছে। দর্শনার্থী ও অতিথিরা যাতে আন্তর্জাতিক মানের সেবা ও ভিন্নধর্মী অভিজ্ঞতা পান, সে বিষয়টি বিবেচনায় রেখেই এর বিভিন্ন সুবিধা তৈরি করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বসুন্ধরা সুপারগল্ফের বিভিন্ন ফ্লোর ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

---

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বার্ষিক সদস্যপদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্যও এখানে ‘পে অ্যান্ড প্লে’ সুবিধা রাখা হয়েছে। ফলে সদস্য না হয়েও নির্দিষ্ট নিয়মে এসে গলফ খেলার সুযোগ থাকছে। একই স্থানে খেলাধুলা, খাবার, ফাইন ডাইনিং ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুবিধা থাকায় তরুণ-তরুণী, করপোরেট পেশাজীবী ও পরিবারগুলোর জন্য নতুন একটি বিনোদনকেন্দ্র হিসেবে এটি গড়ে উঠবে বলে আশা করছে কর্তৃপক্ষ।



বিষয়: #



আর্কাইভ