বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
![]()
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৪৪ জন। স্থানীয় সময় আজ বুধবার (৫ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিও বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।
জানা যায়, স্থনীয় সময় গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে হামলা শুরু করে মস্কো। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাশিয়া আবারও ব্যাপক আকারে কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে।
হামলার সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভ ও এর আশপাশে আঘাত হানে। এতে আবাসিক ভবন, গুদামঘরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
কর্তৃপক্ষ জানায়, বোরিসপিল জেলায় ৯ জন, বুচা জেলায় ৪ জন এবং ফাস্তিভ জেলায় ১ জন নিহত হয়েছেন।
এরইমধ্যে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেন আবারও মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভ ও আশপাশে ইউক্রেনের অস্ত্র সরবরাহ কেন্দ্র, লজিস্টিক হাব এবং ড্রোন উৎপাদন ও বিতরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এ ছাড়া কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি কার্গো জাহাজেও হামলা চালানোর দাবি করেছে মস্কো।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শহরের কেন্দ্রস্থলে হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।
কিয়েভের সামরিক প্রশাসনের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রাশিয়ার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে বিদ্যুৎকেন্দ্র, গুদামঘরসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা জোরদার করেছে।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) মস্কো অঞ্চলে একটি গুদামে ইউক্রেনের হামলায় ৫ জন নিহত ও ১০ জন আহত হন। এর আগের দিন রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি সমুদ্রসৈকতে ড্রোন হামলায় ৭ জন নিহত ও ৫৮ জন আহত হওয়ার দাবি করে মস্কো।
তবে রাশিয়া ও ইউক্রেন-উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।





হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
মার্কিন মিত্রদের সতর্ক করল ইরান।
আন্তর্জাতিক এআই সংস্থায় বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত
নেপালের হিন্দু ও মুসলিম সংঘর্ষে নিহত ৩: কারফিউ জারি
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ
যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি
সাঁতরে মরক্কো থেকে স্পেনে: ১৮ মরদেহ উদ্ধার 
