শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য : সালাহউদ্দিন আহমদ
প্রচ্ছদ » প্রধান সংবাদ » আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য : সালাহউদ্দিন আহমদ
২৬ বার পঠিত
বুধবার ● ১১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য : সালাহউদ্দিন আহমদ

---

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংসদের প্রথম দিনের কার্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হবে। এরপর সংসদ নেতার প্রস্তাবের ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।

তিনি আরও জানান, প্রথম দিনেই রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন। এ ভাষণে দেশের সামগ্রিক পরিস্থিতি, জনপ্রত্যাশা এবং রাজনৈতিক অঙ্গীকারের বিষয়গুলো তুলে ধরা হবে। বিশেষ করে জুলাই সনদে যে বিষয়গুলোতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলোর প্রতিফলন সংসদের কার্যক্রমে থাকবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। ওই কমিটি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো ল্যাপস বা বাতিল হবে।

তিনি বলেন, নতুন সংসদের কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদদের আত্মত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ মার্চ পর্যন্ত চলতে পারে। এরপর প্রয়োজন অনুযায়ী অধিবেশন মুলতবি করা হতে পারে।

এর আগে সকাল ১১টায় শুরু হওয়া বিএনপির সংসদীয় দলের বৈঠক দুপুর ১টা ৩৫ মিনিটে শেষ হয়। বৈঠকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন এবং সংসদের প্রথম অধিবেশনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।






আর্কাইভ