বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নতুন কৌশলে স্বৈরতন্ত্রের পুনরুত্থানের আশঙ্কা রিজভীর
নতুন কৌশলে স্বৈরতন্ত্রের পুনরুত্থানের আশঙ্কা রিজভীর

নিজস্ব প্রতিবেদক
ভিন্ন কৌশলে দেশে স্বৈরতন্ত্র আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে আর কোনো স্বৈরতান্ত্রিক শক্তি নতুন অবয়বে ফিরে আসতে না পারে।
রিজভী বলেন, “আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কেউ যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি দাবি করেন, গত ১৬–১৭ বছরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। ভোটের দিন যে উৎসবমুখর পরিবেশ থাকার কথা, তা ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন মানেই জনগণের অধিকার প্রয়োগের উৎসব, কিন্তু বিগত সময়ে ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতির মাধ্যমে সেই পরিবেশ নষ্ট করা হয়েছে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, রাজনৈতিক নিপীড়নের সময় অনেক ঘটনা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন সাংবাদিকরা। এতে বহু নেতাকর্মীর জীবন রক্ষা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অনেক সময় গভীর রাতে নেতাকর্মীদের তুলে নেওয়া হয়েছে। পুলিশ অস্বীকার করলেও সাংবাদিকরা তা প্রকাশ করেছেন। এতে অনেকেই রক্ষা পেয়েছেন।
রিজভী আরও বলেন, সম্প্রতি কিছু ঘটনায় রাজনৈতিক অঙ্গনে অসভ্য ও উগ্র আচরণ বাড়ছে, যা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হতে পারে। ধর্মকে ব্যবহার করে যদি কোনো শক্তি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তবে তা আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ভোটাধিকার নিশ্চিত হলে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং গণতন্ত্রকামী শক্তির প্রতিফলন ঘটবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের পক্ষে নয়, নির্বাচনের পক্ষে লিখুন। সব রাজনৈতিক দলের নৈতিক প্রচেষ্টায় আপনারা সহযোগিতা করবেন।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসলাম জবিউল্লাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন প্রমুখ।





“জামায়াতের ভোটের শুরুটাই অনৈতিক”
ক্ষমতায় গেলে যে ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত
নারী সাফ অনূর্ধ্ব-১৯: বড় জয়ে ফাইনালে বাংলাদেশ
বাতিল আসনে পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণা ১২ ফেব্রুয়ারির পর
পাকিস্তানের ম্যাচ বয়কটে চাপে আইসিসি
৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ
মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম
নির্বাচনে কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা 
