শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
১৫৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ

---


# ‘ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ’—আসিফ নজরুল

# ‘বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে ভারতে নয়’ —বুলবুল


নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অবস্থান এখন কার্যত স্পষ্ট— ভারতে গিয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কা, কূটনৈতিক বাস্তবতা ও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অন্তর্বর্তী সরকার।

সর্বশেষ আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন— সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও একই সুরে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে ভেন্যু হিসেবে ভারত গ্রহণযোগ্য নয়। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বিসিবি।

আইসিসির সাম্প্রতিক বোর্ড সভার প্রেক্ষাপট তুলে ধরে বুলবুল বলেন, ‘আমরা আজও চেষ্টা করবো আইসিসিকে বোঝানোর— আর কী কী পথ খোলা আছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্বিত, কিন্তু বিশ্ব ক্রিকেটের বর্তমান অবস্থান নিয়ে আমরা সন্দিহান। আমাদের সবাই বিশ্বাস করেছিলাম, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত আবেদনকে গুরুত্ব দেবে। কিন্তু এই পরিস্থিতিতে আল্টিমেটাম দেওয়া হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনুপস্থিতি বিশ্বকাপের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশ যদি এই বিশ্বকাপে না খেলে, তাহলে আইসিসির জন্য এটি বড় একটা মিস হবে। যেখানে ভারত কমনওয়েলথ গেমস আয়োজনের চেষ্টা করছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল ও ক্রিকেটপ্রেমী দেশকে বাদ দেওয়া আয়োজকদের বড় ব্যর্থতা হিসেবেই দেখা হবে।’

এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। সরকারের সিদ্ধান্ত একেবারে স্পষ্ট— বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। আমরা আশা করবো, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।’

তিনি আরও বলেন, ‘মাথা নত করে দেশের মানুষ ও ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে, সেটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’ ক্রিকেটারদের সঙ্গেও তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলে জানান।

আইসিসির নির্ধারিত সময়সীমা সত্ত্বেও বিসিবি হাল ছাড়ছে না। বুলবুল বলেন, ‘আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো। আমাদের একটাই চাহিদা— বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু এই মুহূর্তে ভারতে যেতে চাই না। শ্রীলঙ্কায় খেলতে চাই। আমাদের দল প্রস্তুত আছে।’

প্রসঙ্গত, বাংলাদেশের আবেদনের ওপর বুধবার আইসিসির বোর্ড সদস্যদের ভোট শেষে জানানো হয়— বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। বাংলাদেশ না গেলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হতে পারে। এ অবস্থায় নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসির কাছে এক দিনের সময় চেয়েছে বিসিবি।

ভারতে বিশ্বকাপ আয়োজনের প্রশ্নে বাংলাদেশের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা বনাম টুর্নামেন্ট— এই দ্বন্দ্বের শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন।



বিষয়: #



আর্কাইভ