সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংরক্ষিত এমপিদের কাজের পরিধি গোটা বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংরক্ষিত এমপিদের কাজের পরিধি গোটা বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব কোনো নির্দিষ্ট নির্বাচনি এলাকায় সীমাবদ্ধ নয়; তাদের কার্যপরিধি সমগ্র বাংলাদেশ। জাতীয় সংসদে বিরোধী দলের এক সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, সরকারি দলের এক সংরক্ষিত নারী সদস্য দুটি সংসদীয় আসনকে তাঁর ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে স্থানীয়ভাবে এমন প্রচারণা চলছে যে, নির্বাচিত এমপির পরিবর্তে সংরক্ষিত আসনের এমপিই ওই এলাকার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শুধু বিরোধী দলের নির্বাচিত আসনগুলোতেই কেন এ ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে একদলীয় শাসনের কোনো প্রচেষ্টা রয়েছে কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের না হলেও এর সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, ৩০০টি সাধারণ আসনের বাইরে আরও ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ আসনের সদস্যদের নির্দিষ্ট নির্বাচনি এলাকা থাকলেও সংরক্ষিত আসনের সদস্যদের ক্ষেত্রে এমন কোনো ভৌগোলিক সীমা প্রযোজ্য নয়। তাদের নির্বাচনি এলাকা পুরো বাংলাদেশ।
মন্ত্রী আরও বলেন, কোনো সংরক্ষিত এমপি নিজেকে নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত হিসেবে উপস্থাপন করলে তা সঠিক হবে না। আইন অনুযায়ী তারা সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি বরাদ্দ দেশের যেকোনো স্থানে উপ-বরাদ্দ দিতে এবং দেশের সর্বত্র দায়িত্ব পালন করতে পারেন। তাই সংরক্ষিত নারী সদস্যদের জন্য নির্দিষ্ট এলাকা বা অতিরিক্ত দায়িত্ব নির্ধারণের সুযোগ সংবিধান বা আইনে নেই।
বিষয়: ##সংরক্ষিত এমপি #সংসদ #স্বরাষ্ট্রমন্ত্রী





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
