সোমবার ● ২২ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জেন্ডার বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে ঘাটতির অভিযোগ
জেন্ডার বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে ঘাটতির অভিযোগ
সংসদ প্রতিবেদক
সংখ্যাগতভাবে জেন্ডার বাজেটের পরিমাণ বাড়লেও নারীর নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ এবং তৃণমূল নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন অর্থনীতিবিদ ও নারী অধিকারকর্মীরা। তাদের দাবি, জেন্ডার বাজেটের মূল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে সরকার নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
সোমবার (২২ জুন) রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘২০২৬-২০২৭ অর্থবছরের জেন্ডার বাজেট: নারীসমাজের প্রতিক্রিয়া’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শরমিন্দ নীলোর্মি। আলোচনায় অংশ নেন সিপিডির রিসার্স অ্যাসোসিয়েট প্রীতিলতা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, জেন্ডার বাজেট ও প্ল্যানিং বিশেষজ্ঞ নিলুফার করিম এবং প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফৌজিয়া খন্দকার।
‘বরাদ্দ বাড়লেও কমেছে কার্যকর খাতে গুরুত্ব’
মূল প্রবন্ধে অধ্যাপক ড. শরমিন্দ নীলোর্মি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে জেন্ডার সংশ্লিষ্ট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৫৯ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ৩৪ দশমিক ৮ শতাংশ। তবে উদ্বেগজনক বিষয় হলো, গত অর্থবছরের সংশোধিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ৫ হাজার ৩৭১ কোটি টাকা, যা এবারের প্রস্তাবিত বাজেটে কমিয়ে ৫ হাজার ১৯৬ কোটি টাকা করা হয়েছে।
তিনি বলেন, “জেন্ডার বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবায়নকারী মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো একটি আত্মঘাতী সিদ্ধান্ত।”
নারীর নিরাপত্তা ও সুরক্ষায় ঘাটতির অভিযোগ
বক্তারা বলেন, দেশে মূল্যস্ফীতি ও জেন্ডারভিত্তিক সহিংসতা যখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তখন নারী সুরক্ষা ও সহায়তামূলক খাতে বরাদ্দ কমানো চরম অবহেলার শামিল।
তাদের অভিযোগ, সরকারি পরিষেবা খাতে আইনগত সহায়তা ও সুরক্ষামূলক কার্যক্রমের আওতা সংকুচিত করা হয়েছে। অথচ উপজেলা পর্যায়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সম্প্রসারণ এবং নির্যাতিত নারীদের জন্য আশ্রয়কেন্দ্র বাড়ানোর মতো জরুরি বিষয়গুলো বাজেটে গুরুত্ব পায়নি।
বাস্তবায়ন হার কমেছে, ঝুঁকিতে নারী ও শিশু
সিপিডির রিসার্স অ্যাসোসিয়েট প্রীতিলতা হক বলেন, গত অর্থবছরে জেন্ডার বাজেট বাস্তবায়নের হার ৮০ শতাংশ থাকলেও এবার তা নেমে এসেছে ৬৬ শতাংশে।
তিনি আরও জানান, শিশুস্বাস্থ্য খাতে ২২ শতাংশ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত এসএমপি কার্যক্রমে ৬৬ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে, যা নতুন সামাজিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে।
তার ভাষ্য, “গৃহস্থালিতে নারীর মজুরিহীন সেবামূলক কাজের অর্থনৈতিক স্বীকৃতির কোনো প্রতিফলন এবারের বাজেটে নেই।”
ঋণ ও সম্পদে নারীর বৈষম্য দূর করার দাবি
বক্তারা বলেন, অধিকাংশ নারী এখনও সম্পদ বন্ধক ছাড়া ঋণ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত। অন্যদিকে উত্তরাধিকার আইনে নারীর সমান অধিকার নিশ্চিত না হওয়ায় অর্থনৈতিকভাবে নারীরা পিছিয়ে পড়ছেন।
তাদের মতে, এই কাঠামোগত বৈষম্য দূর না করলে নারীর প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে না।
‘জেন্ডার বাজেট নিয়ে নীতিনির্ধারকদের ধারণাগত সীমাবদ্ধতা রয়েছে’
নারী অধিকারকর্মীরা অভিযোগ করেন, বাজেট প্রণয়নকারীদের মধ্যে জেন্ডার বাজেট সম্পর্কে এখনো পর্যাপ্ত ধারণাগত স্পষ্টতা ও আন্তরিকতার অভাব রয়েছে।
তাদের দাবি, জেন্ডার বাজেটের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা নারী উন্নয়ন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—সেই মূল্যায়ন জনসমক্ষে প্রকাশ করা হয় না।
বক্তারা আরও বলেন, শুধু প্রকল্পভিত্তিক ব্যয় বাড়িয়ে নারীর উন্নয়ন সম্ভব নয়; বরং নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিতে হবে।
জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়নের দাবি
গোলটেবিল বৈঠকে বক্তারা প্রতিটি মন্ত্রণালয়ের জেন্ডার ফোকাল পয়েন্টের তথ্য ওয়েবসাইটে প্রকাশ, সরকারি কর্মকর্তাদের জেন্ডার সংবেদনশীল প্রশিক্ষণের আওতায় আনা এবং জেন্ডার লেন্স ব্যবহার করে বাজেট প্রণয়নের দাবি জানান।
তারা বলেন, নারীর নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত না হলে শুধু বরাদ্দের অঙ্ক বাড়িয়ে প্রকৃত জেন্ডার সমতা অর্জন সম্ভব নয়।
বিষয়: #জেন্ডার বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন





সংসদে ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে তীব্র বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
এমপি থেকে পরিচ্ছন্নতাকর্মী— সবাই পেলেন ১০ কেজি আম
ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়
জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ, দ্রুত সংস্কারের দাবি
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ 
