শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২২ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : সংসদে জ্বালানিমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : সংসদে জ্বালানিমন্ত্রী
২ বার পঠিত
সোমবার ● ২২ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : সংসদে জ্বালানিমন্ত্রী

---

# বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন

সংসদ প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গত মার্চ থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ১৭ হাজার ৩৯ কোটি টাকার লোকসানের মুখে পড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেকের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপন করা হয়।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বাড়লেও সরকার জনস্বার্থে দেশের বাজারে সেই অনুপাতে মূল্য বৃদ্ধি করেনি। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দাম সহনীয় পর্যায়ে নেমে এলে দেশের বাজারেও জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।

তিন মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা

সংসদে উপস্থাপিত তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিপিসিকে প্রতিদিন প্রায় ৭৮ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। হিসাব অনুযায়ী গত মার্চ মাসে লোকসান হয়েছে ২ হাজার ২৪৮ কোটি ৩৭ লাখ টাকা, এপ্রিলে ৭ হাজার ৮৬৬ কোটি ৩ লাখ টাকা, মে মাসে ২ হাজার ৬২৩ কোটি ৩৪ লাখ টাকা এবং জুন মাসের প্রথম ১১ দিনে ৪ হাজার ৩০১ কোটি ৮২ লাখ টাকা। সব মিলিয়ে বিপিসির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার ৩৯ কোটি ৫৬ লাখ টাকা।

মন্ত্রী বলেন, “এত বড় লোকসান সত্ত্বেও বিপিসি নিজস্ব তহবিল ব্যবহার করে গত তিন মাস ধরে জ্বালানি তেল আমদানি কার্যক্রম সচল রেখেছে।”

দেশে গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

লিখিত জবাবে মন্ত্রী জানান, গত ১ জুন পর্যন্ত দেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের অবশিষ্ট মজুত রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।

তিনি বলেন, দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত ২৯টি গ্যাসক্ষেত্রের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী মোট গ্যাস মজুতের পরিমাণ ২৯ দশমিক ৭৪ টিসিএফ। এর মধ্যে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তোলিত গ্যাসের পরিমাণ ২২ দশমিক ১১ টিসিএফ।

দেশে ৫ লাখ ২৯ হাজার টন জ্বালানি তেল মজুত

জ্বালানি তেলের মজুত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, গত ১০ জুন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ২৯ হাজার ৫৬ টন জ্বালানি তেল মজুত রয়েছে।

এর মধ্যে ডিজেল রয়েছে ৩ লাখ ৯৭ হাজার ১৯৯ মেট্রিক টন, অকটেন ৪৪ হাজার ৮৩ টন, পেট্রোল ১৯ হাজার ১৬৪ টন, ফার্নেস অয়েল ৭৬ হাজার ৭১২ টন, জেট ফুয়েল ৪১ হাজার ৩২৯ টন, কেরোসিন ১৩ হাজার ৯১৬ টন এবং মেরিন ফুয়েল ১ হাজার ২৬ টন।

আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি বিক্রি

ইকবাল হাসান মাহমুদ বলেন, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ফরমুলা অনুযায়ী গত এপ্রিল মাসে প্রতি লিটার ডিজেলের প্রকৃত কস্টিং ছিল ১৫৫ টাকা ৪৬ পয়সা এবং অকটেনের কস্টিং ছিল ১৪৮ টাকা ৯৩ পয়সা। কিন্তু সরকার জনস্বার্থে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করে।

একইভাবে মে মাসে প্রতি লিটার ডিজেলের কস্টিং দাঁড়ায় ২৩৪ টাকা ৭৯ পয়সা এবং অকটেনের কস্টিং ১৬৫ টাকা ৫৬ পয়সা হলেও সরকার সে সময় মূল্য অপরিবর্তিত রাখে।

মন্ত্রী আরও জানান, চলতি জুন মাসে ডিজেলের কস্টিং ছিল ১৭৫ টাকা ২২ পয়সা এবং অকটেনের কস্টিং ১৬০ টাকা ৭০ পয়সা। তারপরও সরকার ডিজেলের দাম বাড়ায়নি। তবে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম ১৫২ শতাংশ বৃদ্ধি পেলেও দেশে তা মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। একইভাবে অকটেনের আন্তর্জাতিক মূল্য ৮২ শতাংশ বাড়লেও দেশে দাম বৃদ্ধি করা হয়েছে মাত্র ২১ শতাংশ।

বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনায় সরকার

সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিপুন রায় চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, বেসরকারি খাতে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো বর্তমানে পর্যালোচনা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের বিভিন্ন চুক্তির কার্যকারিতা, অর্থনৈতিক যৌক্তিকতা এবং বর্তমান জ্বালানি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যতা বিবেচনা করে সরকার এসব চুক্তি মূল্যায়ন করছে।

মন্ত্রী জানান, সরকারের নীতির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের সব কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং বিদ্যুৎ খাতকে আরও টেকসই ও দক্ষ করার সুযোগ তৈরি হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব

দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, সৌর ও বায়ুশক্তিসহ নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে, যা কৃষি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশে আবিষ্কৃত হয়েছে ৫টি কয়লাক্ষেত্র

সংসদে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত মোট পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বর্তমানে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জ্বালানি উৎসের বহুমুখীকরণ, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সংসদে ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে তীব্র বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ সংসদে ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে তীব্র বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
এমপি থেকে পরিচ্ছন্নতাকর্মী— সবাই পেলেন ১০ কেজি আম এমপি থেকে পরিচ্ছন্নতাকর্মী— সবাই পেলেন ১০ কেজি আম
ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়
জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ, দ্রুত সংস্কারের দাবি জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ, দ্রুত সংস্কারের দাবি
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
জেন্ডার বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে ঘাটতির অভিযোগ জেন্ডার বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে ঘাটতির অভিযোগ

আর্কাইভ