সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ৬ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদন ত্রুটিপূর্ণ: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
৬ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদন ত্রুটিপূর্ণ: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
![]()
# মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারি তদন্ত প্রতিবেদনের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, সরকারি প্রতিবেদনে ভেন্টিলেশন সমস্যার কারণে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে শিশুদের মৃত্যুর ইঙ্গিত দেওয়া হলেও এ পর্যন্ত তারা এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাননি, যা এ মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
সোমবার (১৫ জুন) রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
তিনি বলেন, ‘সরকারি প্রতিবেদনে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, আমরা সেটিকে চূড়ান্ত বা নির্ভুল সিদ্ধান্ত বলে মনে করি না। এখনো ছয় নবজাতকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। উন্নত দেশগুলোতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে শুধু ময়নাতদন্ত নয়, আরও বিস্তৃত ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আমাদের দেশেও এমন ঘটনার গভীর ও বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন।’
ডা. শেখ মহিউদ্দিন জানান, হাসপাতালের নিজস্ব বিশেষজ্ঞ কমিটি ভেন্টিলেশন ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা নিয়ে কাজ করছে। এ কমিটিতে একজন বুয়েট প্রকৌশলী, একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন।
ছয় নবজাতকের মৃত্যু >
◆ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদনের উপসংহার নিয়ে প্রশ্নবিদ্ধ
◆ হাসপাতালের দাবি, ভেন্টিলেশন ও কার্বন ডাই-অক্সাইডের বর্তমান মাত্রা শিশু মৃত্যুর কারণ হওয়ার মতো নয়
◆ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিলের সিদ্ধান্ত
◆ স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ নাকচ করে ডা. শেখ মহিউদ্দিনের বক্তব্য, ‘আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি’
◆ হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থা সংস্কার, বেকারি স্থানান্তর এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ চলছে
তিনি বলেন, ‘আমরা কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও অক্সিজেন পরিমাপের যন্ত্র কিনেছি। প্রতিটি রুম পরীক্ষা করে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বিচ্যুতি পাওয়া যায়নি। ভেতরের কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাইরের পরিবেশের তুলনায় কিছুটা বেশি, যা সাধারণ বাসাবাড়িতেও দেখা যায়। তবে সেটি গ্রহণযোগ্য মাত্রার বাইরে নয়।’
তিনি আরও বলেন, রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে পজিটিভ এয়ার প্রেসার ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে দ্রুত কার্বন ডাই-অক্সাইড বের হয়ে যেতে পারে। ইতোমধ্যে শিশু ওয়ার্ডসহ কয়েকটি ইউনিটে সংস্কার কাজ শেষ হয়েছে।
লাইসেন্স বাতিলের বিষয়ে তিনি বলেন, সরকার যে প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনে উল্লিখিত সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। তবে সরকারের কাছ থেকে লাইসেন্স পুনর্বহাল বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং আবেদনপত্র প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে হাসপাতালের ওপরের তলায় থাকা বেকারি নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, বেকারিটির লাইসেন্স নিয়ে কোনো সমস্যা ছিল না। তবু সরকারের আপত্তির কারণে এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বেকারিতে কর্মরত প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিকের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি জানান, বর্তমানে হাসপাতালের বিভিন্ন ইউনিটে প্রায় ৬০ জন সংকটাপন্ন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিশেষ করে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) কিছু রোগীকে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করলে তাদের মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ধীরে ধীরে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, সরকারি সুবিধা পাওয়ার জন্য আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ‘কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে’, কিন্তু সরকার তাদের লাইসেন্স বাতিল করেছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি। আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? যদি মন্ত্রী এ ধরনের কথা বলে থাকেন, তাহলে সেটার প্রমাণ তাকেই দিতে হবে। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’
তিনি আরও বলেন, ছয় নবজাতকের একদিনে মৃত্যু অত্যন্ত গুরুতর ও জাতীয় গুরুত্বের বিষয়। এ ঘটনাকে শুধু একটি হাসপাতালের সমস্যা হিসেবে নয়, বরং একটি রাষ্ট্রীয় বিষয় হিসেবে বিবেচনা করা উচিত এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্ত হওয়া প্রয়োজন।
বিষয়: #৬ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদন ত্রুটিপূর্ণ: আদ্





ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
জাতীয় সংসদের বরাদ্দ প্রস্তাব ২৯১ কোটি টাকা
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা 
