শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রচ্ছদ » জাতীয় » বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
৪ বার পঠিত
সোমবার ● ১৫ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

---

◆ গাবতলী টার্মিনাল যাবে হেমায়েতপুরে ◆ সায়েদাবাদ টার্মিনাল যাবে কাঁচপুরে ◆ গুলিস্তান-কেন্দ্রীয় টার্মিনাল যাবে কেরানীগঞ্জে ◆ মহাখালী টার্মিনাল যাবে টঙ্গিতে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, রাজধানীর যানজট কমাতে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল যাবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কাঁচপুরে। অন্যদিকে মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে স্থানান্তর করা হলেও পরবর্তীতে এটি টঙ্গির কাছে স্থায়ীভাবে স্থানান্তর করা হবে।

বৈঠকে রাজধানীর ভেতরে বাস কাউন্টারগুলোর অনিয়ন্ত্রিত বিস্তার নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্ধারিত স্থানে নেওয়া হবে, যাতে প্রধান সড়কে যানজট কমে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে।

যানজট নিরসনে সরকারের উদ্যোগ >

◆ যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার

◆ রাজধানীর চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ

◆ গাবতলী যাবে হেমায়েতপুরে, সায়েদাবাদ-যাত্রাবাড়ী কাঁচপুরে, গুলিস্তান-ফুলবাড়িয়া কেরানীগঞ্জে এবং মহাখালী টার্মিনাল টঙ্গির কাছে স্থানান্তর

◆ রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ

◆ শাহবাগে আগামী সপ্তাহে ট্রাফিক সিগন্যাল চালু এবং এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্প্রসারণের সিদ্ধান্ত

 

বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান সাংবাদিকদের জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকাগুলোতে বাস টার্মিনালের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার নগরীর ভেতর থেকে টার্মিনালগুলো সরিয়ে প্রান্তিক এলাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য আপাতত পূর্বাচলে ডিপোর ব্যবস্থা করা হবে। বাসগুলো শুধু যাত্রী নেওয়ার সময় টার্মিনালে আসবে। একইভাবে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান নির্ধারণের কাজ এগিয়ে চলছে।

বৈঠকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ক্যামেরা ও সিগন্যালিং ব্যবস্থার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। ট্রাফিক সিগন্যালিংয়ে এআই প্রযুক্তির প্রাথমিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে নতুন ট্রাফিক সিগন্যাল চালু করার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যানজট নিরসনের অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করা এবং হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়। হকারদের উচ্ছেদ না করে কীভাবে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়েও আলোচনা হয়। ড. হাদিউজ্জামান জানান, বিপুল বিনিয়োগের এই প্রকল্প পুরোপুরি বাতিল না করে কীভাবে এটি উন্নত করে একটি কার্যকর পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনা এবং কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় সড়কের ওপর বাস দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধে পূর্বাচলে বাস ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর যানজট নিরসনে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। সরকার ইতোমধ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টদের আশা, বাস টার্মিনালগুলো শহরের বাইরে স্থানান্তর এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট অনেকাংশে কমে আসবে।



বিষয়: #



আর্কাইভ