রবিবার ● ৩১ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী
দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ সময়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ না করলে দেশের অনেক ক্ষতি হতে পারে। তিনি বলেন, জাতির সামনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। তাঁর নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে যে অগ্রগতি হয়েছিল, তা আজও মানুষের কাছে স্মরণীয়। তিনি বলেন, বর্তমান সরকারও শহীদ রাষ্ট্রপতির আদর্শ ও উন্নয়ন দর্শন অনুসরণ করে দেশ পরিচালনার চেষ্টা করছে।
তারেক রহমান বলেন, “দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়ে হেসেখেলে চললে চলবে না। দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, অন্যথায় দেশের অনেক ক্ষতি হবে।” তিনি আরও বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও রাষ্ট্র গঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিষয়: ##প্রধানমন্ত্রী #বিএনপি আয়োজিত আলোচনা সভা





এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই
রামিসা হত্যাকাণ্ড: ছেলে সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা-মাও
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
গণপরিবহনে নারীর নিরাপত্তা এখনো বড় সংকট
জাল দলিল করে ৫০ বিঘা জমি ভোগদখল
সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে 
