শিরোনাম:
ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
প্রচ্ছদ » জাতীয় » বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
৬ বার পঠিত
সোমবার ● ১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

উনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সেখানে মরদেহের গোসল সম্পন্ন করা হবে। পরে মঙ্গলবার তার নিজ জেলা ভোলা-য় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের ২৮ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বরিশালের ব্রজমোহন কলেজে পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় তোফায়েল আহমেদ ১৯৬৮-৬৯ সালের গণআন্দোলনের সময় ডাকসুর ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে তিনি ছিলেন ছাত্রসমাজের অন্যতম প্রধান নেতা।

---

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসভায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান-কে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ঘোষণা দেন তোফায়েল আহমেদ, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক চার প্রধানের একজন হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

তোফায়েল আহমেদ নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পর তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পরে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব দেন। পরে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



বিষয়: #



আর্কাইভ