সোমবার ● ১৮ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন
আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে আধুনিকভাবে তুলে ধরার প্রত্যয়ে গতকাল সোমবার দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক জাদুঘর দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ছিল— ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর দিনব্যাপী শোভাযাত্রা, বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টায় রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ এবং সামাজিক সংহতি গঠনে জাদুঘরের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে আধুনিক ও আকর্ষণীয় উপায়ে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “জাদুঘর শুধু অতীত সংরক্ষণের স্থান নয়, এটি মানুষের মধ্যে সংযোগ তৈরি, ইতিহাসচর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় নির্মাণের গুরুত্বপূর্ণ মাধ্যম।”
তিনি আরও জানান, জাতীয় জাদুঘরে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, লোকঐতিহ্য, প্রত্নসম্পদ ও সমকালীন ইতিহাসকে সমন্বিতভাবে এমনভাবে সাজানো হবে, যাতে দর্শনার্থীরা দেশের ইতিহাসের ধারাবাহিক অভিজ্ঞতা লাভ করতে পারেন। নতুন প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে জাদুঘরকে আরও প্রাণবন্ত ও প্রযুক্তিনির্ভরভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক সংগঠনও নানা আয়োজন করে। হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক অনলাইন সেমিনারে বক্তারা বলেন, বিভক্ত বিশ্বে সামাজিক সংহতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসব আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জাদুঘর পর্ষদ, প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।
বিষয়: #আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন





জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের 
