মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জমকালো আয়োজনে অস্কার আসর
জমকালো আয়োজনে অস্কার আসর
![]()
বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে স্থানীয় সময় রবিবার (বাংলাদেশ সময় সোমবার ভোর) জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ২০২৫ সালের সেরা কাজগুলোকে ২৪টি শাখায় পুরস্কৃত করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বিশ্বের বৃহৎ এই চলচ্চিত্র সংস্থার ১১ হাজারের বেশি সদস্য (চলচ্চিত্র শিল্পে কর্মরত) বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন।
হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত এ আসওে চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে আমেরিকান সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ডার্ক কমেডি ধাঁচের রাজনৈতিক থ্রিলারটি নির্মাণের জন্য সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা প্রযোজক এবং সেরা রূপান্তরিত চিত্রনাট্যকার পুরস্কার দুটিও উঠেছে ৫৫ বছর বয়সী এই আমেরিকান নির্মাতার হাতে।
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটিতে কর্তৃত্ববাদী মার্কিন শাসনের বিরুদ্ধে লড়াই করা বিপ্লবীদের গল্প রয়েছে, যারা আত্মগোপনে থাকলেও অতীত শেষ পর্যন্ত তাড়া করে ফিরে আসে। একজন সাবেক বিপ্লবীর মেয়ে অপহরণের ঘটনায় সবাই আবার হাতে হাত মেলায়। ছবিটিতে দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তা কর্নেল স্টিভেন জে. লকজো চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন শন পেন। এটি তার তৃতীয় অস্কার।
অস্কারে নতুন চালু হওয়া সেরা কাস্টিং পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়া সেরা চলচ্চিত্র সম্পাদনা বিভাগের স্বীকৃতি এসেছে ছবিটির ঘরে।
রেকর্ডসংখ্যক ১৬টি মনোনয়ন পাওয়া ভ্যাম্পায়ার হরর ‘সিনার্স’ চারটি পুরস্কার জিতেছে। এরমধ্যে টিমোতি শালামেকে পেছনে ফেলে সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। ব্লুজ সংগীত ও কৃষ্ণাঙ্গ সংস্কৃতির মিশ্রণ ঘটানো ছবিটিতে দুই যমজ ভাইয়ের চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন তিনি। গল্পে যমজ ভাই ১৯৩০-এর দশকের মিসিসিপিতে একটি জুক জয়েন্ট চালু করে। কিন্তু সেখানে হানা দেয় ভ্যাম্পায়ার। অতিপ্রাকৃত ভৌতিক আবহকে বিভাজন ও বর্ণবাদের রূপক হিসেবে দেখিয়েছেন পরিচালক রায়ান কুগলার। তিনি সেরা মৌলিক চিত্রনাট্যকারের অস্কার জিতেছেন। এছাড়া সেরা সেরা চিত্রগ্রহণ ও সেরা মৌলিক আবহ সংগীত বিভাগে পুরস্কৃত হয়েছে ‘সিনার্স’।এরমধ্যে অস্কারের সেরা চিত্রগ্রহণ শাখায় পুরস্কৃত প্রথম নারী হিসেবে রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন অটাম ডুরাল্ড আরকাপো।
সেরা অভিনেত্রী বিভাগে প্রত্যাশিতভাবে জিতেছেন জেসি বাকলি। তিনিই প্রথম আইরিশ তারকা যার হাতে উঠলো অস্কারের এই সম্মান। চীনের ক্লোয়ি জাও পরিচালিত ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা। অস্কারের আগে গোল্ডেন গ্লোবস, বাফটা, ক্রিটিকস’ চয়েস ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালে ‘জুডি’ ছবির জন্য এমন কীর্তি গড়েন আমেরিকান অভিনেত্রী রেনে জেলওয়েগার। ১৯৮৯ সালে প্রথম আইরিশ তারকা হিসেবে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন ব্রেন্ডা ফ্রিকার।
সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জিতেছেন ৭৫ বছর বয়সী অ্যামি ম্যাডিগ্যান। ভৌতিক ধাঁচের ‘ওয়েপন্স’ ছবিতে আমেরিকার একটি শহরে আসা এক অদ্ভুত খেয়ালী চাচির চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে ‘টোয়াইস ইন অ্যা লাইফটাইম’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রথমবার অস্কারে মনোনয়ন পান ম্যাডিগান। ৪০ বছর পর দ্বিতীয়বার মনোনীত হয়ে সোনালি ট্রফি উঠলো তার হাতে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগ ছাড়া আর কোথাও নেই তার অভিনীত ‘ওয়েপন্স’। কোনও ছবির একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনয়ন তালিকায় স্থান পাওয়া মাত্র পাঁচ জন অস্কার জিতেছেন। তারা হলেন জুলিয়ান মুর (স্টিল অ্যালিস), শার্লিজ থেরন (মনস্টার), ফরেস্ট হুইটেকার (দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড), ক্রিস্টোফার প্লামার (বিগিনার্স) ও পেনেলোপি ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা)। তাদের পাশে যুক্ত হলো ম্যাডিগানের নাম।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’কে হটিয়ে অস্কার জিতেছে নরওয়ের ইয়োয়াকিম ত্রিয়ের পরিচালিত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’। হান্টার/এক্স নামের একটি ব্যান্ডের তিন কে-পপ আইডলকে কেন্দ্র করে ছবিটির গল্প। মঞ্চে নেচে-গেয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি অশুভ শক্তির হাত থেকে বিশ্বকে বাঁচাতে গান-বাজনাকে ব্যবহার করে তারা। ছবিটিতে মূল চরিত্র রুমি হিসেবে কণ্ঠ দিয়েছেন কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী আর্ডেন চো। ‘কেপপ ডিমন হান্টার্স’ মুক্তির মাত্র দুই মাসের মধ্যেই নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা অ্যানিমেটেড চলচ্চিত্রে পরিণত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ান-কানাডিয়ান নির্মাতা ম্যাগি ক্যাং ও আমেরিকান নির্মাতা ক্রিস অ্যাপেলহান্স।
‘কেপপ ডিমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’ সেরা মৌলিক গান বিভাগে অস্কার জিতেছে। অনুষ্ঠানে এটি পরিবেশন করেন দক্ষিণ কোরিয়ান-আমেরিকান গায়িকা ইজেই, রেই আমি এবং আমেরিকান র্যাপার অড্রে নুনা। ‘গোল্ডেন’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ইজেই, মার্ক সনেনব্লিক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও এবং টেডি পার্ক।
অস্কারের ইতিহাসে এই দুটি বিভাগে এর আগে পুরস্কার জিতেছে ‘টয় স্টোরি থ্রি’ (২০১০) ও ‘ফ্রোজেন’ (২০১৩)। তালিকায় নতুন সংযোজন হলো ‘কেপপ ডিমন হান্টার্স’।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে যৌথভাবে অস্কার জিতেছে ‘দ্য সিঙ্গারস’ এবং ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’। অস্কারের প্রায় শত বছরের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এমন ঘটনা ঘটলো।
৯৮তম অস্কারের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যাডাম সোমনার, সারা মারফি ও পল টমাস অ্যান্ডারসন; ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
সেরা অভিনেতা
মাইকেল বি. জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী
জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা
শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যামি ম্যাডিগ্যান (ওয়েপন্স)
সেরা পরিচালক
পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা মৌলিক চিত্রনাট্য
সিনার্স (রায়ান কুগলার)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
কেপপ ডিমন হান্টার্স (ম্যাগি ক্যাং, ক্রিস অ্যাপেলহান্স ও মিশেল এল.এম. ওয়াং)
সেরা আন্তর্জাতিক সিনেমা (অ-ইংরেজি ভাষা)
সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
সেরা কাস্টিং
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস)
অস্কার মঞ্চে সঞ্চালক কোনান ও্ৎংয়ঁড়;ব্রায়েন
অস্কার মঞ্চে সঞ্চালক কোনান ও’ব্রায়েন
সেরা চিত্রগ্রহণ
সিনার্স (অটাম ডুরাল্ড আরকাপো)
সেরা কস্টিউম ডিজাইন
ফ্রাঙ্কেনস্টাইন (কেট হোলি)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য সিঙ্গারস (স্যাম অ্যা. ডেভিস ও জ্যাক পিয়াট), টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা (আলেকজান্ডার সিং ও নাতালি মুস্তাতা)
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য গার্ল হু ক্রাইড পার্লস (ক্রিস লেভিস ও মাচেক স্টেরবোস্কি)
সেরা প্রামাণ্যচিত্র
মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন (ডেভিড বোরেনস্টাইন, পাভেল টালানকিন, হেলে ফাবের, আসবেয়েতা কারাসকোভা)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
অল দ্য এম্পটি রুমস (জোশুয়া সেফটেল ও কোনাল জোন্স)
সেরা চলচ্চিত্র সম্পাদনা
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
ফ্রাঙ্কেনস্টাইন (মাইক হিল, জর্ডািন স্যামুযেল, ক্লায়োনা ফিউরি)
সেরা মৌলিক আবহ সংগীত
সিনার্স (লুদভিগ ইয়োরানসন)
সেরা মৌলিক গান
গোল্ডেন (কেপপ ডিমন হান্টার্স, কথা ও সুর: ইজেই, মার্ক সনেনব্লিক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, টেডি পার্ক)
সেরা শিল্প নির্দেশনা
ফ্রাঙ্কেনস্টাইন (টামারা ডেভারেল, শেন ভিয়ু)
সেরা শব্দ
এফওয়ান (গ্যারেথ জন, আল নেলসন, গোয়েন্ডোলিন ইয়েটস হুইটল, গ্যারি অ্যা. রিজো, হুয়ান পেরালতা)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ (জো লেটেরি, রিচার্ড বেইনাম, এরিক সেইন্ডন, ড্যানিয়েল ব্যারেট)
টানা দ্বিতীয়বারের মতো অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন আমেরিকান কমেডিয়ান ও টিভি টকশো উপস্থাপক কোনান ও’ব্রায়েন। এমি অ্যাওয়ার্ড জয়ী ৬১ বছর বয়সী এই তারকা হাস্যরসধর্মী কথায় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। মূল আয়োজন শুরুর আগে লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অস্কারের সামাজিক মাধ্যম দূত ও রেড কার্পেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ কমেডিয়ান অ্যামেলিয়া ডিমোল্ডেনবার্গ। প্রয়াত অভিনেতা রবার্ট রেডফোর্ড ও পরিচালক রব রেইনার স্মরণে গান গেয়ে শুনিয়েছেন বারব্রা স্ট্রাইস্যান্ড। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে জমকালো এই আয়োজন। এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হয়েছে অনুষ্ঠানটি।





স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
কালও বাতিল মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট
নজিরবিহীন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোটে দায়বদ্ধ সংসদ গড়াই লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী
অধিবেশনের শুরুতেই যান্ত্রিক গোলযোগ
সংসদ যেন ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ড. শফিকুর রহমান 
