মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ন্যাম ভবনগুলোতে আবারও আলো জ্বলবে
ন্যাম ভবনগুলোতে আবারও আলো জ্বলবে
![]()
শায়লা শবনম
দীর্ঘ ১৮ মাস অন্ধকারে ডুবে থাকা, মানিক মিয়া অ্যাভিনিউর ন্যাম ভবনগুলোতে আবারও আলো জ্বলতে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কার্যত পরিত্যক্ত ভুতুড়ে হয়ে পড়েছিলো ছয়টি ন্যাম ভবনের ২১৬টি ফ্ল্যাট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এবার নবনির্বাচিত এমপিদের সেই ফ্ল্যাটগুলো নতুন এমপিদের বসবাসের উপযোগী করছে জাতীয় সংসদ সচিবালয় এবং গণপূর্ত অধিদপ্তর।
গতকাল মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনগুলোতে গিয়ে দেখা যায়, কোথাও দেয়ালে নতুন রঙের পোচ, কোথাও ফার্নিচার ঘষামাজার শব্দ। গত দেড় বছরে ধুলো-ময়লা ও ক্ষয়ক্ষতিতে ন্যাম ভবনের চেহারা ছিল বিবর্ণ ও নিস্তব্ধ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় চার ও পাঁচ নম্বর ব্লকে ভবনে বেশি ভাঙচুর ও লুটপাট হয়। বহু ফ্ল্যাটের দরজা-জানালা ভেঙে ফেলা হয়, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র খোয়া যায়।
গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান স্বদেশভূমিকে বলেন, ক্ষতিগ্রস্ত দরজা-জানালা পুনঃস্থাপন, ভাঙা ফিটিংস প্রতিস্থাপন এবং মৌলিক ফার্নিচার পুনর্বিন্যাসের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হয়েছে। অক্টোবর-নভেম্বর থেকে শুরু হওয়া মেরামত এখন চূড়ান্ত পর্যায়ে। সংস্কারকাজে পূর্ত, ইলেকট্রিক্যাল ও উড— এই তিনটি উইং সমন্বিতভাবে কাজ করছে। পূর্ত বিভাগ দেয়াল রং, সিভিল মেরামত ও কাঠামোগত কাজ করছে। ইলেকট্রিক্যাল উইং বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা, সুইচ, ফ্যান ও এসি পরীক্ষা করছে। উড শাখা পুরনো ফার্নিচার মেরামত ও নতুন আসবাব সংযোজন করছে। পাশাপাশি সংসদ সচিবালয় পরিচালনা করছে বিশেষ হাইজিন ড্রাইভ। এক হাজারের বেশি শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন। নয়তলা প্রতিটি ভবনের ৩৬টি করে ফ্ল্যাটে চলছে রং, ফ্লোর পলিশ, বাথরুম ফিটিংস পরিবর্তন ও পানির লাইন সংস্কার।
![]()
গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ মার্চের মধ্যে সংস্কারকাজ শেষ করে ভবনগুলো পুরোপুরি কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে। মার্চের মধ্যেই নবনির্বাচিত এমপিরা এসব ফ্ল্যাটে উঠতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যদের এসব ভবনের ফ্ল্যাটগুলো দর্শনার্থীদের আনাগোনায় আবারও মুখর হয়ে উঠবে।
নব্বইয়ের দশকের শেষদিকে নন-অ্যালায়েন্ড মুভমেন্টের সম্মেলন উপলক্ষে নির্মিত ‘ন্যাম ভবন’ পরে সংসদ সদস্যদের আবাসন হিসেবে বরাদ্দ দেওয়া হয়। দীর্ঘদিন এখানে এমপিদের পরিবার-পরিজনের উপস্থিতিতে সরগরম পরিবেশ ছিল। কিন্তু ২০২৪ সালের পর ভবনগুলো কার্যত জনশূন্য হয়ে পড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রেক্ষাপটে এবার সেই নিস্তব্ধতা কাটাতে শুরু করেছে, জেগে উঠছে নতুন কর্মচাঞ্চল্য। সংসদ সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু বাহ্যিক সৌন্দর্যবর্ধন নয়; বরং এমপিদের নিরাপদ ও কার্যকর আবাস নিশ্চিতের প্রস্তুতি।
গণপূর্ত সূত্র জানায়, চলতি অর্থবছরে সংসদ ভবন ও ন্যাম ভবন সংস্কারে বরাদ্দ রয়েছে সাড়ে ২৪ কোটি টাকা। অগ্রাধিকার ভিত্তিতে যেসব অংশে বেশি ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত সংস্কার করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মার্চের শুরুতেই নবনির্বাচিত এমপিরা এসব ফ্ল্যাটে উঠতে পারবেন। এর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতার ছাপ মুছে এদেশের সংসদীয় রাজনীতিতে আরও নতুন অধ্যায়ের সূচনা প্রস্তুতি হচ্ছে হতে যাচ্ছে প্রস্তুত হচ্ছে সরকারি এই আবাসন কমপ্লেক্স। ফলে দেড় বছর পর আবারও আলো জ্বলবে ন্যামভবনের ফ্যাটগুলোতে, প্রাণ ফিরে পাবে রাষ্ট্রের প্রণেতাদের জন্য ব্যস্ততম ন্যাম প্রাঙ্গণ।
বিষয়: #ন্যাম ভবনগুলোতে আবারও আলো জ্বলবে





গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন
সিলেটে সব পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী
সংসদে উত্তপ্ত ফ্লোর: গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে বিতর্ক তুঙ্গে
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী 
