বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
![]()
বিশেষ প্রতিনিধি
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ তিন পদে তাঁর উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য—এই তিন দায়িত্বই ছাড়তে হবে তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে। এর মধ্যে বিএনপির মহাসচিব পদে উত্তরসূরি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম আলোচনায় রয়েছে।
দলীয় সূত্র বলছে, জাতীয় কাউন্সিলের আগে মহাসচিব পদে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হতে পারে। পরে কাউন্সিলের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রুহুল কবির রিজভী এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং মন্ত্রিসভাতেও নেই। ফলে তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা রয়েছে বলে দলের দায়িত্বশীল নেতাদের কেউ কেউ মনে করছেন।
অন্যদিকে সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে মহাসচিব পদে তাঁর নামও আলোচনায় রয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েও নতুন মন্ত্রী নিয়োগের প্রয়োজন হবে। এ পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। বর্তমান মন্ত্রিসভার কাউকে ওই দায়িত্ব দেওয়া হতে পারে, আবার নতুন কাউকেও আনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনও শূন্য হবে। এরপর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। ফলে প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে মির্জা ফখরুলকে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ এবং মন্ত্রিত্ব ছাড়তে হবে। একই সঙ্গে সংসদ সদস্য পদও শূন্য হবে। ফলে একসঙ্গে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন নেতৃত্ব আসার প্রক্রিয়া শুরু হবে।
বিষয়: #মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?





উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই’: আহমেদ আযম খান
তিন জেলায় নতুন এসপি: পুলিশে বড় রদবদল 
