শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী
৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী

---

# দেশ পুনর্গঠনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাই এ আন্দোলনের সফলতার মূল শক্তি। তিনি বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; বরং দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেওয়া সর্বস্তরের জনগণ ও গণতন্ত্রপন্থী রাজনৈতিক শক্তির সম্মিলিত অবদানের ফলেই এই সফলতা এসেছে।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক বিতর্কের সময় শেষ; এখন দেশ পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণের সময়। যারা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

তারেক রহমান বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এখন কেবল দলের কর্মসূচি নয়; জাতীয় নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমে এটি দেশের মানুষের অভিন্ন প্রত্যাশায় পরিণত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতি, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত প্রশাসন পুনর্গঠনের কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির উদ্যোগ এবং মালয়েশিয়ার পেট্রোনাসের মাধ্যমে এলএনজি আমদানির চূড়ান্ত আলোচনা শেষ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি দীর্ঘদিন অকার্যকর থাকা বাপেক্সকে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার পুনরায় চালু, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বন্ধ থাকা বিটিএমসির প্রায় ৫০টি মিল-কারখানা বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে এবং পর্যায়ক্রমে সব উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও শহীদ পরিবারের পাশে সরকার থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসা এবং কর্মসংস্থানের প্রয়োজন হলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। বক্তব্যের শেষে তিনি স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 



বিষয়: #



আর্কাইভ