সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন

# মোট ৫০ কমিটির মধ্যে এ পর্যন্ত গঠিত হলো ১৭ কমিটি
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদে পানি সম্পদ, স্বরাষ্ট্র, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক— এই ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন সরকারদলীয় চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদীয় মোট ৫০ কমিটির মধ্যে এ পর্যন্ত গঠিত হলো ১৭ কমিটি।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের জয়নুল আবদিন। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির নেতৃত্বে থাকবেন কুমিল্লা-৯ আসনের মোহাম্মদ আবুল কালাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। আর বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুবকে।
প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন) পদাধিকারবলে সদস্য থাকবেন। পাশাপাশি সরকারি দল, বিরোধী দল ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের সমন্বয়ে নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ বলেন, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের জবাবদিহি, তদারকি এবং নীতিগত পর্যালোচনার জন্য এসব স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যেকটি প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর স্পিকার সংশ্লিষ্ট স্থায়ী কমিটিগুলো গঠিত হয়েছে বলে ঘোষণা দেন। এরপর তিনি সংসদের বৈঠক মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী মোট মোট কমিটি গঠন করতে হবে ৫০টি। এর আগে ১১টি কমিটি গঠন করা হয়। তিনটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে- পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আর হাউস কমিটির মধ্যে গঠিত হয়েছে - কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, সরকারি হিসাব সংক্রান্ত কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি এবং দুটি বিশেষ কমিটি।
#সংসদীয় স্থায়ী কমিটি গঠন/
বিষয়: ## ৬টি স্থায়ী কমিটি গঠন # সংসদীয় স্থায়ী কমিটি





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
